২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যমুনার তীর সংরক্ষণ বাঁধে আবারও ধস

গত ৭ জুলাই কাজিপুর মেঘাই স্পার বাঁধে একইভাবে ধসে ৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলিন হয়ে যায়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2023, 12:51 PM

Updated : 12 Jul 2023, 02:03 PM

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার তীর সংরক্ষণ বাঁধে আবারও ধস নেমেছে। এতে অন্তত ১৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলিন হয়ে যায়। 

বুধবার রাত সাড়ে ৩টা থেকে উপজেলার মেঘাই ১ নম্বর স্পারের উজানে এ ধসের সৃষ্টি হয় বলে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রণজিত কুমার সরকার জানান। 

গত ৭ জুলাই কাজিপুর মেঘাই স্পার বাঁধে একইভাবে ধসে ৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলিন হয়ে যায়।  

ধস ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড ভোর থেকে জিও ব্যাগ ফেলা শুরু করেছে বলে জানান রণজিত কুমার।

এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে যমুনা নদীর তীরে স্তুপ করে রেখে বালু ব্যবসা চালিয়ে যাওয়ায় এ ধস দেখা দিয়েছে।  

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ করেই ধসে যেতে থাকে নদীতীর রক্ষা বাঁধ। এ সময় বাঁধের পাশে নোঙর করে রাখা জেলেদের ৩০টি নৌকা মাটিচাপা পড়ে। 

এ ছাড়া বালু ব্যবসায়ীদের স্তুপ করে রাখা বালুর একটি বড় অংশও নদীগর্ভে চলে যায়। 

এলাকাবাসীর দাবি, কতিপয় অসাধু ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের নিয়ম না মেনে নদীতীরের ১০ ফুটের মধ্যে বালু স্তুপ করে রেখে ব্যবসা করার কারণেই এ ধস দেখা দিয়েছে। 

গত ২০ জুলাই ওই বালুর স্তুপ অপসারণের জন্য পানি উন্নয়ন বোর্ড ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও তা সরানো হয়নি।  

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজি মো. অনিক ইসলাম বলেন, “ভোরে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব আমাকে ভাঙনের বিষয়টি জানান। তখনই উপজেলা চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে সেখানে যাই এবং পাউবোর কর্মকর্তাদের সাথে কথা বলি। সকাল ৬টা থেকে পাউবো সেখানে জিওব্যাগ ফেলা শুরু করেছে। রাতে ভাঙনের মাত্রা বেশি ছিল। এখন একটু কম।”  

নদীতীরের বালু রাখা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নদী তীর থেকে বালু সরানোর জন্য ঠিকাদারকে চিঠি দিয়েছিলাম। তারা বালু অপসারণ শুরুও করে। কিন্তু পুরোপুরি অপসারণ করতে পারেনি।”  

পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রণজিত কুমার বলেন, “ভেঙে যাওয়া স্থানে আমাদের প্রটেকটিভ বাঁধ ছিল। ভোর রাতের দিকে সেখানে ধস শুরু হয়। সকাল পর্যন্ত অন্তত দেড়শো মিটার নদীগর্ভে বিলিন হয়ে গেছে। জিওব্যাগ ফেলা শুরু করায় ভাঙন নিয়ন্ত্রণ আসে।”