২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ফের ধস, আতঙ্কে এলাকাবাসী

এর মধ্যে বাঁধের একপাশের প্রায় ৪০ মিটার নদীতে বিলীন হয়েছে।

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ফের ধস, আতঙ্কে এলাকাবাসী

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকল কেডিওয়ারী এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Sep 2026, 07:57 PM

Updated : 25 Sep 2026, 07:57 PM

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকল কেডিওয়ারী এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধে আবারও ধস দেখা দিয়েছে। এতে আশপাশের কয়েক গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

বাসিন্দারা বলছেন, বৃহস্পতিবার রাতে বাঁধের একপাশের প্রায় ৪০ মিটার নদীতে বিলীন হয়েছে। এতে বসতবাড়ি, আবাদি জমি ও স্থানীয় সড়ক হুমকির মুখে পড়েছে।

ভাঙন প্রতিরোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলের কথা বলেছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান।

শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ধসে যাওয়া অংশের পাশ দিয়ে তীব্র স্রোতে নদী আছড়ে পড়ছে। বড় বড় ফাটল তৈরি হওয়ায় যেকোনো সময় বড় অংশ ভেঙে পড়তে পারে।

স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, রাতে বিকট শব্দে বাঁধ ভেঙে নদীতে চলে যায়। এখন বাড়িঘর নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন তারা। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকা নদীতে বিলীন হয়ে যাবে।

খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি দল।

সংরক্ষিত আসনের সংসদ সদস্যের প্রতিনিধি অধ্যাপক ফজলুল হক বলেন, ঝুঁকিপূর্ণ স্থানটি জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে রক্ষার উদ্যোগ নেওয়া হবে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, কাঁচকল কেডিওয়ারী এলাকার চার দশমিক এক কিলোমিটার ঝুঁকিপূর্ণ তীর সংরক্ষণের জন্য একটি ডিপিপি দাখিল করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়ন হলে দীর্ঘমেয়াদে এই ভাঙন সমস্যার সমাধান হবে।

আপাতত ভাঙন প্রতিরোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।