জামালপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, চাকরির মাত্র চার বছরের মাথায় মানসিক সমস্যা দেখা দেওয়ায় তাকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
জামালপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার বগালী গ্রামে এ ঘটনা ঘটে বলে জামালপুর জিআরপি থানার এসআই আব্দুস সাত্তার জানান।
নিহত ২৮ বছর বয়সি ছানোয়ার জাহান শিমুল শেরপুর সদর উপজেলার চর জঙ্গলদী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই সাত্তার জানান, জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস বগালী এলাকা অতিক্রম করার সময় এর নিচে কাটা পড়েন শিমুল। তিনি রেললাইন পার হচ্ছিলেন। খবর পেয়ে জিআরপি শিমুলের মরদেহ উদ্ধার করেছে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে জিআরপি থানার এসআই আরও জানান, চাকরির মাত্র চার বছরের মাথায় মানসিক সমস্যা দেখা দেওয়ায় সেনাবাহিনী থেকে শিমুলকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
