২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে হামলায় সাংবাদিক আহত

সোহেল কিরণের শরীরের একাধিক স্থানে জখম হয়েছে; স্থানীয় একটি হাসপাতালে অপারেশন করা হয় বলে তার ভাই জানান।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 01:10 AM

Updated : 05 Apr 2023, 01:10 AM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হামলায় স্থানীয় এক সাংবাদিক আহত হয়েছেন।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার কাঞ্চন বাজারে এই ঘটনা ঘটে বলে তার ভাই শাহেল মাহমুদ জানিয়েছেন৷

শাহেল জানান, আহত সোহেল কিরণকে (৩৩) রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোহেল কিরণ বেসরকারি টেলিভিশন ‘বাংলা টিভি’র রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি৷

সোহলের ভাই ‘ডেইলি অবজারভার’ পত্রিকার রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহেল মাহমুদ বলেন, তারাবির নামাজের পর বাজারের একটি দোকানে চা খাচ্ছিলেন সোহেল৷ ওই সময় আফজাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি সোহেলের উপর হামলা চালায়।

“তার শরীরের একাধিক স্থানে জখম হয়েছে৷ রূপগঞ্জের আল রাফি হাসপাতালে তার অপারেশন করা হয়।”

তবে কী কারণে এ হামলা হয়েছে তা তিনি জানাতে পারেননি।

তিনি আরও বলেন, “ঘটনার সময় সোহেলের এক বন্ধু সাইফুল সেখানে ছিলেন; কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারিনি৷ খবর পেয়েই হাসপাতালে এসেছি৷

“হামলাকারী যুবক কাঞ্চন পৌর আওয়ামী লীগের সেক্রেটারি গোলাম রসুল কলির ঘনিষ্ঠ অনুসারী৷ কলিকে প্রায় সময় গণমাধ্যমে নিউজ হয়৷ এর জেরে হামলা হয়েছে বলে ধারণা করছি৷”

এই বিষয়ে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করেও আফজাল হোসেনের মোবাইল ফোনের নম্বরে সংযোগ পাওয়া যায়নি৷

তবে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি বলেন, “আফজাল হোসেন স্থানীয়ভাবে জমি বেচা-কেনা করে৷ ঘটনার পর আফজালের সাথে আমার কথা হইছে৷ সে জানাইছে, দোকানে বসে চা খাবার সময় সাংবাদিকের সাথে থাকা বন্ধুদের সাথে আফজালের কোনো কারণে কথা কাটাকাটি হয়৷ ওই কথা কাটাকাটির এক পর্যায়ে “আফজালকে মারধর করে সাংবাদিকের বন্ধুরা৷ পরে আফজালও একটা চায়ের ভাঙা কাপ নিয়ে এলোপাথারিভাবে হাত চালায়৷ তখন আহত হন ওই সাংবাদিক৷”

সংবাদ প্রকাশের জেরে তার পক্ষ হয়ে সাংবাদিকের উপর হামলা চালানো হয়েছে, এমন অভিযোগ প্রসঙ্গে গোলাম রসুল বলেন, “এমন কোনো ঘটনা না৷ প্রতিপক্ষের লোকজন এমন বিষয় ছড়ানোর চেষ্টা করতেছে৷ আসলে সাংবাদিকের বন্ধুদের সাথে তর্ক থেকেই এ ঘটনা৷”

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন বলে জানান রূপগঞ্জের ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমান৷

তিনি বলেন, “আফজাল হোসেন নামে এক ব্যক্তি চায়ের কাপের ভাঙা অংশ দিয়ে সাংবাদিককে জখম করেছেন৷ কী নিয়ে ঘটনা ঘটেছে এ বিষয়ে তদন্ত চলছে৷”

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, সাংবাদিকের জখম হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে৷ বিষয়টির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে৷

এদিকে সাংবাদিকের উপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন৷ সোহেল কিরণ সংগঠনটির কার্যকরী সদস্য৷

রাত সাড়ে ১১টায় এক বিবৃতিতে সংগঠনের নেতারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।