২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

যাবজ্জীবনের পাশাপাশি বাছির উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2024, 07:28 PM

Updated : 22 Apr 2024, 07:28 PM

বরিশালে কিশোরী ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের বেঞ্চ সহকারী কাজী মো. হুমায়ুন কবির জানান।

দণ্ডিত বাছির উদ্দিন জমাদ্দার ঝালকাঠির নলছিটি উপজেলার বড় প্রমহর গ্রামের বাসিন্দা।

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় রায়ে।

মামলার নথি থেকে জানা যায়, ওই কিশোরীর বাবা নেই। তার অসহায়ত্বের সুযোগ নিয়ে

কিশোরীর দূর সম্পর্কের আত্মীয় বাছির উদ্দিন ২০১২ সালের ৫ নভেম্বর তাকে বরিশাল নগরীতে চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে আসেন।

পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বান্দ রোডের আবাসিক হোটেল সাউথ বেঙ্গলে নিয়ে যান তিনি।

সেখানে বাছির উদ্দিন ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরদিন ৬ নভেম্বর ভোরে কিশোরী কৌশলে পালিয়ে ওই হোটেলের সামনে থেকে পুলিশকে ফোন করে অবহিত করে।

পরে পুলিশ এসে বাছিরকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে।

এ ঘটনায় ওই দিন কিশোরী বাদী হয়ে বাছির উদ্দিনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় ধর্ষণের মামলা করে।

ওসিসির এসআই সেলিম খান ২০১৩ সালের ৮ জানুয়ারি বাছির উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে বাছির উদ্দিনকে দোষী সাব্যস্ত করে আদালত এ রায় দেয়।