গতি চূড়ান্ত করতে এবার পদ্মা সেতুতে চলল মালবাহী ট্রেন
মাওয়া থেকে ট্রেনটি ছেড়ে এক ঘণ্টা ২০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছায়।
ঢাকা-মাওয়া রেলপথে পদ্মা সেতুতে যাত্রীবাহীর পর এবার মালবাহী ট্রেনের গতি চূড়ান্তভাবে পরীক্ষা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিটে মাওয়া স্টেশন থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায় বলে জানান পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক-১ ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ।
তিনি বলেন, ১ নভেম্বর থেকে ঢাকা-ভাঙ্গা রেলপথে বাণিজ্যিক ট্রেন চলাচল ঘিরে এখন চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। তবে এই রেলপথ এখন পুরো প্রস্তুত। পরীক্ষা সফল হওয়ায় সরকারি রেল পরিদর্শক (জিআইবিআর) সনদের পর্যবেক্ষণ ধাপে উন্নীত হলো।
ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ বলেন, সকালে তিনটি ওয়াগন নিয়ে প্রথমে ৬০ কিলোমিটার গতিতে ছোটে মালবাহী ট্রেনটি। মাওয়া স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে এক ঘণ্টা ২০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছায়।
“পরে কমলাপুর থেকে ৮০ কিলোমিটার গতিতে ১০টা ৫৫ মিনিটে মালবাহী ট্রেনটি ছেড়ে ১১টা ৫৫ মিনিটে মাওয়া স্টেশনে এসে পৌঁছায়। ঢাকা থেকে ৪০ কিলোমিটার দূরে মাওয়া স্টেশনে মালবাহী ট্রেন পৌঁছাতে সময় লাগে এক ঘণ্টা।
তিনি আরও বলেন, ঢাকা অংশের সফল পরীক্ষার মধ্য দিয়ে ২১ জেলাকে রেলপথে রাজধানীর সঙ্গে যুক্ত করার মাইলফলকের গুরুত্বপূর্ণ ধাপ অর্জন হল। যা দেশের অর্থনীতিকে করবে সমৃদ্ধ করবে।
চলতি মাসেই নতুন লাইনের এই অংশ পর্যবেক্ষণ করবেন জিআইবিআর। দক্ষিণের উৎপাদিত কৃষিপণ্য ছাড়াও ট্রেনে কম খরচে পণ্য পরিবহন করা যাবে বলে জানান তিনি।
এর আগে বুধবার সকালে পাঁচটি বগি নিয়ে যাত্রীবাহী ট্রেনের গতি পরীক্ষা করা হয়। পথে বিভিন্ন পর্যায়ে ৬০ থেকে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয়। শেষে ধলেশ্বরী এবং বুড়িগঙ্গা রেলসেতু অতিক্রম করে একই গতিতে ট্রেনটি ঢাকার কমলাপুরে পৌঁছায়।
আরও পড়ুন:
