২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গতি চূড়ান্ত করতে এবার পদ্মা সেতুতে চলল ট্রেন

আগামী ১ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে ঢাকা-মাওয়া রেলপথে ট্রেন চলাচল করবে বলে জানায় পদ্মা সেতু কর্তৃপক্ষ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 06:29 PM

Updated : 25 Oct 2023, 06:35 PM

ঢাকা-মাওয়া রেলপথে পদ্মা সেতুতে যাত্রীবাহী ট্রেনের গতি চূড়ান্তভাবে পরীক্ষা করা হয়েছে; আর মালবাহী ট্রেনের গতি যাচাই করা হবে বৃহস্পতিবার।

বুধবার সকাল ৮টা ২০ মিনিটে মাওয়া স্টেশন থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায় বলে জানিয়েছেন পদ্মা সেতু সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক-২ ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম।

১ নভেম্বর থেকে এ পথে বাণিজ্যিক ট্রেন চলাচলের আগে বিশেষজ্ঞ দল চূড়ান্ত এ পরীক্ষা চালায় বলে তিনি জানান। এ সময় ট্রেনে দেশি-বিদেশি প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল বলেন, সকালে পাঁচটি বগি নিয়ে ট্রেনের গতি পরীক্ষা করা হয়। পথে বিভিন্ন পর্যায়ে ৬০ থেকে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয়। শেষে ধলেশ্বরী এবং বুড়িগঙ্গা রেলসেতু অতিক্রম করে একই গতিতে ট্রেনটি ঢাকার কমলাপুরে পৌঁছায়।

এর মাধ্যমে সরকারি রেল পরিদর্শক (জিআইবিআর) বিভাগ মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেনের গতির পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে বলে তিনি জানান।

দ্রুতগতির ট্রেন ভ্রমণ আরামদায়ক হবে উল্লেখ করে তিনি আরও বলেন, “যাত্রীরা ঢাকা থেকে মাওয়া আধাঘণ্টা এবং ভাঙ্গা পর্যন্ত এক ঘণ্টায় পৌঁছাতে পারবেন। প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিখুঁতভাবে দ্রুতগতির এ রেললাইন নির্মাণ করা হয়েছে। এর সুফল পাবে দেশের মানুষ।“

মাওয়া-ঢাকা পথে ১৭ কিলোমিটার পাথরবিহীন এবং ২৩ কিলোমিটার পাথরসহ রেললাইন স্থাপন করা হয়েছে বলেও তিনি জানান।