নতুন সংস্করণে ব্লুটুথের গতি বেড়ে হচ্ছে চার গুণ
নতুন ফিচারে ব্লুটুথ এলই ডিভাইসে সমর্থিত সর্বোচ্চ বিট রেট প্রতি সেকেন্ডে ২ মেগাবিট থেকে বাড়িয়ে ৭.৫ মেগাবিট পর্যন্ত করা হয়েছে।
ডিভাইসে ডেটা আদান-প্রদানের গতি প্রায় চার গুণ করে ব্লুটুথ প্রযুক্তিতে বড় পরিবর্তন এনেছে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ বা এসআইজি।
‘ব্লুটুথ কোর ৭.০’-এর ঐচ্ছিক ফিচার হিসেবে ফরম্যাট অনুসারে, ‘ব্লুটুথ হাই ডেটা থ্রুপুট’ বা এইচডিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে সংগঠনটি।
নতুন ফিচারের ফলে ব্লুটুথ ‘লো এনার্জি’ বা এলই ডিভাইসে সমর্থিত সর্বোচ্চ বিট রেট প্রতি সেকেন্ডে ২ মেগাবিট থেকে বাড়িয়ে ৭.৫ মেগাবিট পর্যন্ত করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
একই সময়ে বেশি ডেটা বহন করতে পারা এ প্রযুক্তির মাধ্যমে আরও উন্নতমানের ওয়্যারলেস অডিও এবং নতুন স্পেশাল ও মাল্টি-চ্যানেল অডিও অভিজ্ঞতা পাওয়া সহজ হবে।
আসন্ন প্রযুক্তির প্রথম ডিভাইসগুলো ২০২৭ সালের শুরুতে বাজারে আসতে পারে এবং পরবর্তীতে এর পরিসর আরও বড় করা হবে।
ব্লুটুথের ডেটা স্থানান্তরের বাড়তি গতি সার্বিক কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা বাড়াতে বড় ভূমিকা রাখবে।
বাড়তি ব্যান্ডউইথ থাকায় এ প্রযুক্তি ডেটা-নির্ভর এআই অ্যাপ্লিকেশন ও স্পেশাল কম্পিউটিং ডিভাইসের সঙ্গে আরও ভালোভাবে কাজ করতে পারবে।
এ ছাড়া, বিভিন্ন কাজ যেমন স্মার্টওয়াচের ফার্মওয়্যার আপডেটেড রাখা বা ডিভাইসের মধ্যে ফিটনেস ডেটা সিংক করার মতো বিষয়গুলো আরও দ্রুত ও কম বাধায় সম্পন্ন হবে।
পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে ব্লুটুথ এলই ডিভাইসের মাধ্যমে, যা অবিচ্ছিন্ন সংযোগ ধরে রাখা ডিভাইসের তুলনায় প্রাকৃতিকভাবেই কম বিদ্যুৎ খরচ করে।
এখন কেবল ব্লুটুথ এইচডিটি সমর্থনকারী প্রথম সারির ডিভাইসগুলোর ঘোষণার অপেক্ষা।
আগামী জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিত হওয়া ‘কনজিউমার ইলেকট্রনিক্স শো’ বা সিইএস-এ বা তার আগেই এসব ডিভাইসের দেখা মিলতে পারে।
