সচিবালয় আগারগাঁওয়ে নিতে শেকৃবি স্থানান্তর হবে? ‘জানেন না’ কর্মকর্তারা
একজন প্রতিমন্ত্রী বলেছেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা বা প্রস্তাব সরকারের কাছে আসেনি।
রাজধানীর আগারগাঁওয়ে নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণের পাশাপাশি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে (শেকৃবি) গাজীপুরের সালনায় স্থানান্তরের পরিকল্পনার যে খবর সংবাদমাধ্যমে এসেছে, সেরকম কোনো সিদ্ধান্তের কথা কর্মকর্তারা জানেন না।
স্থাপত্য অধিদপ্তরের একটি প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়টি সালনায় সরিয়ে নেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে এ বিষয়ে সরকারের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত, জমি হস্তান্তর কিংবা বিশ্ববিদ্যালয়ের স্থানান্তর কার্যক্রম শুরু হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
গত ১০ নভেম্বর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়, আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে গাজীপুরের সালনায় স্থানান্তরের পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে। সেখানে বিশ্ববিদ্যালয়টির জন্য জমি বরাদ্দের কথাও বলা হয়।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য, স্থানান্তরের বিষয়ে তাদের কাছে কোনো সরকারি সিদ্ধান্ত বা নির্দেশনা আসেনি।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় স্থানান্তরের কথা যেটা শুনেছেন, সেটা অনেক আগের একটা প্রকল্প ছিল। বর্তমানে সেই স্থানে আরেকটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে।
“আগারগাঁওয়ে সচিবালয় কমপ্লেক্স নির্মাণের কথা হলেও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় স্থানান্তরের কোনো কথা আমরা শুনিনি। এমন কোনো সিদ্ধান্ত সরকার নিয়েছে বলেও মনে হচ্ছে না।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের তিন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। তারা সবাই বলেছেন, বিশ্ববিদ্যালয় স্থানান্তরের বিষয়ে কোনো ধরনের নির্দেশনা বা সিদ্ধান্তের কথা তারা জানেন না।
আর সরকারের একজন প্রতিমন্ত্রী বলেছেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা বা প্রস্তাব সরকারের কাছে আসেনি।
স্থানান্তরের আলোচনার সূত্রপাত যেভাবে
স্থাপত্য অধিদপ্তরের একটি প্রতিবেদনের বরাতে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় স্থানান্তরের সম্ভাবনার বিষয়টি আলোচনায় আসে।
ওই প্রতিবেদনে বলা হয়, শেরেবাংলা নগরের কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুমতি ছাড়াই একটি জায়গা ধান গবেষণার মাঠ হিসেবে ব্যবহারের জন্য সাইনবোর্ড ও দড়ি দিয়ে ঘিরেছেন। অধিদপ্তর একে ‘অনৈতিক ও শৃঙ্খলাবহির্ভূত’ কর্মকাণ্ড বলে মনে করছে।
প্রতিবেদনে বলা হয়, শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকার ভূমি ব্যবহারের পরিকল্পনা অনুযায়ী কৃষি বিশ্ববিদ্যালয়ের মত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য বর্তমান জমি অপর্যাপ্ত। এ কারণে গাজীপুরের সালনায় বরাদ্দ করা জমিতে বিশ্ববিদ্যালয় স্থানান্তর এবং বর্তমান জায়গায় স্থপতি লুই আই কানের মূল নকশা অনুযায়ী 'অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সিভিক ফিজিক্যাল সেন্টার' নির্মাণকে অধিকতর উপযোগী বলে মনে করে স্থাপত্য অধিদপ্তর।
অধিদপ্তর মনে করে, জোনাল পরিকল্পনা অক্ষুণ্ন রাখতে শেরেবাংলা নগর থেকে কৃষি বিশ্ববিদ্যালয় স্থানান্তর এবং সচিবালয়ের জন্য নির্ধারিত জমি সংরক্ষণ জরুরি। তা না হলে প্রশাসনিক এলাকার নিরাপত্তা ও পরিকল্পিত নগরায়ন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
সালনায় হয়েছে আরেকটি কৃষি বিশ্ববিদ্যালয়
আগারগাঁওয়ে প্রায় চারশ কোটি টাকা ব্যয়ে আধুনিক নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণের জন্য মূলত ১৯৬৫ সালের পরিকল্পনা ধরেই এগোচ্ছে সরকার।
কর্মকর্তারা বলছেন, সেই পরিকল্পনা অনুযায়ী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরের সালনায় স্থানান্তরের জন্য ১৯৯৮ সালে একনেকে প্রস্তাব পাস করার পর জমিও বরাদ্দ দিয়েছিল সরকার।
কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানান্তরের কোনো উদ্যোগ না নিলে সেই জায়গায় প্রতিষ্ঠিত হয় আরেকটি কৃষি বিশ্ববিদ্যালয়।
ইনস্টিটিউট অব পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার (আইপিএসএ) পুনর্গঠন করে ১৯৯৮ সালের ১৩ জুলাই প্রণীত আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এর নাম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
এ কারণে একই জায়গায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় স্থানান্তরের কোনো সুযোগ দেখছেন না গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা একনেকের সব সিদ্ধান্তই পাই। সর্বশেষ একনেক বৈঠকের সিদ্ধান্তগুলোর মধ্যে আগারগাঁওয়ে সচিবালয় কমপ্লেক্স নির্মাণের মাস্টারপ্ল্যানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে অন্য কোনো স্থানে স্থানান্তরের পরিকল্পনার কথা নেই।”
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণের বিষয়ে গাজীপুর জেলা প্রশাসনের কাছে কোনো নির্দেশনা পৌঁছায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও ভূমি অধিগ্রহণ) মো. শাহরিয়ার নজির।
আর মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সর্বশেষ মন্ত্রিসভার বৈঠক বা একনেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে অন্য কোনো স্থানে স্থানান্তরের কথিত পরিকল্পনা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও (ইউজিসি) সরকারের কোনো নির্দেশনা পায়নি।
ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. ইমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে অন্য কোন স্থানে স্থানান্তরের সংবাদ আমরা গণমাধ্যমে দেখেছি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা বা পরামর্শ আমাদের দেওয়া হয়নি। আমাদের কাছে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার বক্তব্য আসেনি।”
এ বিষয়ে আদৌ সরকারের কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে একজন প্রতিমন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সচিবালয় আগারগাঁওয়ে নেওয়ার জন্য সরকার ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
“ইতোমধ্যে ভবন নির্মাণের নকশা নিয়ে কাজ চলছে। কিন্তু প্রকাশ্যে আসার মত অগ্রগতি কম।’’
প্রতিমন্ত্রী বলেন, “শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা বা প্রস্তাব সরকারের কাছে আসেনি।’’
সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা
বর্তমান স্থান থেকে বাংলাদেশ সচিবালয় সরিয়ে শেরেবাংলা নগরের পুরোনো আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এ সিদ্ধান্তের প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনও করেছেন।
গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ওই দিন জানান, লুই আই কানের মাস্টারপ্ল্যান অনুযায়ী প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণ করা হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৮ অক্টোবর মন্ত্রিসভা আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের নীতিগত অনুমোদন দেওয়ার পর গণপূর্ত মন্ত্রণালয় প্রকল্পের ডিপিপি প্রণয়নের জন্য কয়েকটি বৈঠক করেছে। প্রাথমিক পরিকল্পনায় প্রকল্প ব্যয় ৪ হাজার ২০০ কোটি টাকা প্রাক্কলনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সেখানে গণপূর্তমন্ত্রী প্রকল্প ব্যয় ৪ হাজার কোটি টাকার মধ্যে রাখার নির্দেশনা দিয়েছেন।”
প্রস্তাবিত নকশা অনুযায়ী, পুরোনো বাণিজ্য মেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জায়গাজুড়ে নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে মোট ৩৩ দশমিক ১৬ লাখ বর্গফুট অফিসের জায়গা রাখার কথা বলা হয়েছে।
কমপ্লেক্সে ১২ তলা ১৪টি প্রশাসনিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবনগুলো তিনটি ভূগর্ভস্থ বেজমেন্টের ওপর নির্মিত হবে। বেজমেন্টে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। এ ছাড়া মসজিদ, ৩৫০ জন ধারণক্ষমতার দুটি বহুমুখী মিলনায়তন, ক্যাফেটেরিয়া ও ডাকঘর রাখার পরিকল্পনা রয়েছে। প্রকল্প এলাকার প্রায় ৩০ শতাংশ জায়গা সবুজায়ন ও জলাধারের জন্য রাখার কথা বলা হয়েছে।
প্রকল্পের উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ চললেও ব্যয় ও বাস্তবায়নসংক্রান্ত চূড়ান্ত অনুমোদন এখনো বাকি। নির্মাণকাজ শেষ করার লক্ষ্য ধরা হয়েছে ২০২৯ সালের জুন।
