১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জেলেদের বরাদ্দের চাল বিক্রির অভিযোগ, ৫ টন জব্দ

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 10:16 PM

Updated : 11 Oct 2026, 10:16 PM

চাঁদপুর সদর উপজেলায় জেলেদের জন্য বরাদ্দ করা চাল বিক্রির অভিযোগ ওঠেছে। এ ঘটনায় শহরের বিপণীবাগ এলাকা থেকে পাঁচ টন চালসহ একটি পিকআপ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রোববার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ করা চালগুলো জেলার বাইরে নেওয়ার সময় জব্দ করা হয় বলে জানান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম।

পরে চালগুলো চাঁদপুরের কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি) রাখা হয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।

চাল কেনার দাবি করা ইউনুস বলেন, লক্ষ্মীপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমের কাছ থেকে এক লাখ ৪০ হাজার টাকায় পাঁচ টন চাল কিনেছেন তিনি। খাদ্য গুদাম থেকে চাল নেওয়ার পর সেগুলো জেলার বাইরে নিয়ে যাচ্ছিলেন। পথে প্রশাসনের নির্দেশে পিকআপটি চাঁদপুরে ফিরিয়ে আনা হয়।

তবে চাল বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন গোলাম মোস্তফা শামীম।

তিনি বলেন, তাকে উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনায় জড়ানো হচ্ছে। এ বিষয়ে তিনি কিছু জানেন না।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম বলেন, তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

লক্ষ্মীপুর ইউনিয়নের জেলেদের জন্য মোট ১১৩ টন চাল বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে পাঁচ টন চাল বিক্রির অভিযোগ উঠেছে। চাল কীভাবে অন্যত্র নেওয়া হচ্ছিল এবং এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।