১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জেলেদের বরাদ্দের ৫ টন চাল জব্দ, বরখাস্ত ইউপি সচিব

কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রক্রিয়া চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Oct 2026, 07:38 PM

Updated : 12 Oct 2026, 07:39 PM

চাঁদপুর সদর উপজেলায় জেলেদের জন্য বরাদ্দ সরকারি খাদ্যসহায়তার পাঁচ টন চাল জব্দ করেছে প্রশাসন।

এ ঘটনায় চাল বিক্রির চেষ্টায় জড়িত থাকার অভিযোগে উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার বিকালে এ তথ্য জানান জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সাময়িক বরখাস্ত হওয়া গোলাম মোস্তফা লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব।

প্রশাসন জানায়, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার সময় ইউনিয়নের নিবন্ধিত জেলেদের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ, সেই চাল জেলেদের না দিয়ে রোববার রাতে পিকআপে করে কুমিল্লার লাকসামে নেওয়া হচ্ছিল।

খবর পেয়ে প্রশাসনের নির্দেশে হাজীগঞ্জ থেকে পিকআপটি ফিরিয়ে আনা হয়। পরে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকা থেকে পাঁচ টন চালসহ পিকআপটি জব্দ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম। পরে চালগুলো চাঁদপুর কেন্দ্রীয় খাদ্যগুদামে রাখা হয়েছে।

চাল বিক্রির চেষ্টা ও এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে রাতেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

জেলা প্রশাসক বলেন, শারীরিকভাবে অসুস্থ হওয়ায় ইউপি সচিবকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রক্রিয়া চলছে।

পুরানো খবর:

চাঁদপুরে জেলেদের বরাদ্দের চাল বিক্রির অভিযোগ, ৫ টন জব্দ