সিলেটে কবরস্থানের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার
পুলিশ জানায়, কঙ্কালটি বিশ্বনাথের পুরান সৎপুর গ্রামের আশ্বদ আলীর ছেলে মো. সেবুল মিয়ার বলে তার স্বজনরা নিশ্চিত করেছেন।
সিলেটে মানুষের একটি কঙ্কাল পাওয়া গেছে, যিনি মানসিক ভারসাম্যহীন এবং কিছুদিন আগে নিখোঁজ হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
শনিবার দুপুরে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের পুরান সৎপুরে রাজার বাজারের পাশের কবরস্থান থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
সিলেট জেলা পুলিশ রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, কঙ্কালটি বিশ্বনাথের পুরান সৎপুর গ্রামের আশ্বদ আলীর ছেলে মো. সেবুল মিয়ার বলে তার স্বজনরা নিশ্চিত করেছেন।
সিলেট জেলা পুলিশের সহকারী গণমাধ্যম কর্মকর্তা শ্যামল বণিক জানান, উদ্ধার হওয়া কঙ্কালের হাড়গুলো এলোমেলো অবস্থায় পড়েছিল। এ খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে। এ সময় পাশে পড়ে থাকা একটি জ্যাকেট, এক জোড়া স্যান্ডেল ও একটি কাপড়ের ব্যাগ পাওয়া যায়; ওই ব্যাগে একটি জাতীয় পরিচয়পত্রও ছিল।
তিনি আরও জানান, পরিচয়পত্র থেকে পুলিশ জানতে পারে কঙ্কালটি সেবুল মিয়ার। বিষয়টি তার পরিবারের লোকজনকে অবগত করলে সেবুল মিয়ার ভাগ্নে ছয়ফুল (৩৩) ঘটনাস্থলে পড়ে থাকা স্যান্ডেল, জ্যাকেট এবং জাতীয় পরিচয়পত্র দেখে মৃতদেহ তার মামার বলে শনাক্ত করেন।
মৃতের স্বজনদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, সেবুল মিয়া অনেকটা মানসিক ভারসাম্যহীন ও নেশাগ্রস্ত ছিলেন। তিনি প্রায়ই বাড়ি থেকে উধাও হয়ে যেতেন।
“প্রায় দুই মাস আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি আরও বেশি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এক পর্যায়ে ফের উধাও হয়ে যান সেবুল।”
পুলিশ জানায়, সিআইডি, পিবিআই ও সিলেটের ক্রাইম সিন টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে কঙ্কালটির ডিএনএ প্রোফাইল সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
