২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে কালবৈশাখীতে বাড়ি-দোকান বিধ্বস্ত, আহত ৩

সন্ধ্যার আগে শুরু হওয়া এ ঝড় ২০-২৫ মিনিট স্থায়ী ছিল।

কুড়িগ্রামে কালবৈশাখীতে বাড়ি-দোকান বিধ্বস্ত, আহত ৩

কুড়িগ্রামের চিলমারীতে কালবৈশাখী ঝড়ে ভেঙে যাওয়া একটি দোকান ঘর।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2024, 09:54 PM

Updated : 24 Mar 2024, 01:38 AM

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে বেশকিছু ঘর ও দোকান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে; এতে আহত হয়েছেন নারীসহ তিনজন।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রনিরমোড় এলাকায় ঘর ভেঙে ওই তিনজন আহত হয় বলে জানান চিলমারী থানার ওসি মো. মোজাম্মেল হক।

আহতরা হলেন- সিমাম (১৬), শিরিনা আক্তার (২৮) ও সত্যজিৎ রায় (৬০)।

স্থানীয়রা জানান, হঠাৎ করে সন্ধ্যার আগে ঝড় শুরু হয়। ঝড়টি প্রায় ২০-২৫ মিনিট স্থায়ী ছিল। এ সময় উপজেলার রনিরমোড় এলাকায় টিন সেটের একটি ঘর ভেঙে পাশের দোকানের উপর পড়ে। এতে দোকানে থাকা তিনজন আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় বলে জানান ওসি মোজাম্মেল হক।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শুধু চিলমারীতে নয়; ঝড় জেলার বিভিন্ন এলাকায় হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুড়িগ্রামে আর ঝড় হওয়ার সম্ভাবনা নেই।