২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অপহৃত ১১ রোহিঙ্গা উদ্ধার, আটক ৪

আটকদের মধ্যে এক বাংলাদেশি যুবকও রয়েছে।

কক্সবাজারে অপহৃত ১১ রোহিঙ্গা উদ্ধার, আটক ৪

এপিবিএনের হাতে আটকরা

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2022, 06:17 PM

Updated : 10 Nov 2022, 06:17 PM

কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত ১১ রোহিঙ্গাকে উদ্ধার এবং ‘অপহরণকারী চক্রে’র চার সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এর আওতাধীন নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের নিরাপত্তা ক্যাম্পের পরিদর্শক রাজু আহমেদ জানান, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত টেকনাফ উপজেলার নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবির এবং মহেশখালিয়া পাড়ায় এ অভিযান চালানো হয়।

আটকরা হল, উখিয়া উপজেলার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের মৃত লোকমান হাকিমের ছেলে আব্দুর রশিদ (৩৬), কুতুপালং বালুরমাঠ রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ আইয়ুব (২৬) ও শফিউল্লাহকাটা রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবু শামার ছেলে আমির হোসেন (৩৪)।

আটকদের মধ্যে রবিউল আলম (২০) নামের এক বাংলাদেশি যুবকও রয়েছে। তিনি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের গোদারবিল এলাকার দিল মোহাম্মদের ছেলে।

এপিবিএন জানিয়েছে, উদ্ধার হওয়া ১১ রোহিঙ্গার মধ্যে এক মেয়েসহ ছয় জন শিশু ও পাঁচ জন যুবক। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

পরিদর্শক রাজু বলেন, “টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। চক্রটি ক্যাম্প থেকে বিভিন্ন কৌশলে রোহিঙ্গাদের অপহরণ করে জিন্মি রেখে মুক্তিপণ আদায় করছিল।

“বুধবার মধ্যরাতে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছে খবরে এপিবিএনের একটি দল অভিযান চালায়।এ সময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাঁচ-ছয় জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে চারজনকে আটক করা সম্ভব হয়েছে।

"পরে আটকদের দেওয়া তথ্য মতে, বৃহস্পতিবার ভোরে টেকনাফের মহেশখালিয়া পাড়ায় এপিবিএনের আরেকটি দল অভিযান চালায়। এসময় অপহরণ করে মুক্তিপণের জন্য জিম্মি রাখা শিশুসহ ১১ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। "

রাজু আহমেদ জানান, আটক অপহরণকারীদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। আর উদ্ধার হওয়া রোহিঙ্গাদের থানা পুলিশ স্ব-স্ব ক্যাম্প ইনচার্জদের মাধ্যমে ফেরত পাঠানোর ব্যবস্থা নেবে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান এপিবিএনের এই পরিদর্শক।