২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে অটোরিকশার সঙ্গে বাইকের সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের

সংঘর্ষের পর অটোরিকশাটি চলে গেলেও মোটরসাইকেল আরোহী দু’জন গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে থাকে।

চাঁদপুরে অটোরিকশার সঙ্গে বাইকের সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের

স্থানীয়রা আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2023, 09:51 AM

Updated : 28 Oct 2023, 09:51 AM

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে সাড়ে ৮টার দিকে সুবিদপুর পূর্ব ইউনিয়নের কামতা বাজার চৌধুরী বাড়ির সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল আলিম।

নিহতরা হলেন আবদুর রহমান (২৮) ও মো. সোহাগ (২২)।

আবদুর রহমান কামতা এলাকার পনিশাইর গ্রামের মো. আবু তাহের মিয়ার ছেলে ও  পেশায় একজন পোল্ট্রি ব্যবসায়ী। সোহাগ একই গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে ও পেশায় কাঠমিস্ত্রি।

রহমানের সহপাঠী রাজিব ও এলাকার বাসিন্দা মিজানুর রহমান জানান, ব্যবসায়িক কাজে সন্ধ্যার পর রহমান প্রতিবেশী সোহাগকে সঙ্গে করে মোটরসাইকেল নিয়ে বের হন। কামতা বাজার চৌধুরী বাড়ির সামনে পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

“অটোরিকশাটি চলে গেলেও তারা দু’জন গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে থাকে। তাদের মোটরসাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।”

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমদ কাজাল বলেন, “হাসপাতালে আনার আগেই দুর্ঘটনার শিকার দুই যুবকের মৃত্যু হয়েছে।”

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে দু’জনের মরদেহ হস্তান্তর করা হবে।