২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ২ দিন পর খুলনার ভৈরব নদ থেকে চীনা প্রকৌশলীর লাশ উদ্ধার

পুলিশ জানায়, নিখোঁজের পরদিন খালিশপুর থানায় সাধারণ ডায়েরি করেন ওই প্রকৌশলীর এক সহকর্মী।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2023, 04:46 PM

Updated : 26 Aug 2023, 04:46 PM

খুলনা নগরীর চরেরহাট এলাকার ভৈরব নদ থেকে এক চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। 

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। 

নিহত ওয়াং সিয়াও (৪৪) খালিশপুরে নির্মাণাধীন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিক্যাল প্রকৌশলী ছিলেন বলেন খুলনা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান। 

জাহাঙ্গীর হোসেন বলেন, “নিখোঁজের পরদিন খালিশপুর থানায় সাধারণ ডায়েরি করেন তুহিন মিয়া নামে ওই প্রকৌশলীর এক সহকর্মী।” 

তিনি আরও বলেন, “স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তবে মৃত্যু রহস্য নিয়ে সুস্পষ্ট তথ্য এখনও মেলেনি। বিস্তারিত জানাতে কাজ শুরু করেছে পুলিশ।” 

মহানগর পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

ঘটনা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের পর ঘটনার জট খুলবে।