সাতক্ষীরায় ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন
ঘটনার প্রায় চার মাস পর মামলা করেন তরুণীর বাবা।
সাতক্ষীরায় আশাশুনি উপজেলায় তরুণীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এম জি আযম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জহুরুল হায়দার বাবু জানান।
দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম ঢালী (৪৫) উপজেলার একটি গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, রবিউল এক তরুণীকে উত্ত্যক্ত করতেন। ২০১০ সালের এক সন্ধ্যায় ঘেরে যাওয়ার পথে তরুণীকে ধর্ষণ করা হয়। এরপর তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ঘটনার প্রায় চার মাস পর মামলা করেন তরুণীর বাবা।
আইনজীবী বলেন, এ মামলায় পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার পর থেকেই পলাতক রয়েছেন আসামি।
