২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ: আইজিপি

“আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্ত করছে পুলিশ; এতে নব্বই ভাগ মামলার দ্রুত তদন্ত করা সম্ভব হচ্ছে।”

জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ: আইজিপি

সুনামগঞ্জে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2023, 06:15 PM

Updated : 07 Jul 2023, 06:15 PM

আগামী জাতীয় নির্বাচনে পুলিশ যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেছেন, “নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা দেওয়া হবে তা পালন করতে প্রস্তুত আছে পুলিশ। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নেওয়া হবে। অভিজ্ঞতা ও সামর্থ্য নিয়ে আমরা কাজ করব।”

শুক্রবার সকালে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুলিশ জঙ্গি ও সন্ত্রাস নিয়ন্ত্রণ করে দেশকে স্থিতিশীল রেখেছে। এতে দেশে উন্নয়নমূলক কাজ, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে।

“ফলে দেশ এগিয়ে যাচ্ছে। আগামীতেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত আছে। পুলিশের সেই সক্ষমতা ও সাহস আছে।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে আবদুল্লাহ আল মামুন বলেন, “নির্বাচনের সময় এগিয়ে আসছে। নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে দায়িত্ব পালন করতে আমরা প্রস্তুত আছি।

“আমাদের জনবল বেড়েছে, সক্ষমতা বেড়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তদন্ত করছি। দ্রুতই নব্বই ভাগ মামলার তদন্ত করা সম্ভব হচ্ছে।”

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি আরও বলেন, এক সময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসীবাহিনী ও সুন্দরবনের দস্যুদের কাছে মানুষ জিম্মি ছিল। সেই অবস্থা এখন আর নেই।

“পুলিশ, স্থানীয় প্রশাসন, বিভিন্ন বাহিনী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষের সমর্থন নিয়ে পুলিশ তাদের দমন করেছে। দেশে এখন ঈর্ষণীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে।”

অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী ও মো. হুমায়ূন কবীর বক্তব্য দেন।