১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে ‘জমে থাকা গ্যাস’ বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

সাহিদা বেগমের শরীরের ৫৩ শতাংশ, নবী হোসেনের ২২ ও আলী হোসেনের ২০ শতাংশ এবং সুলতান মিয়ার ৪ শতাংশ পুড়ে গেছে৷

নারায়ণগঞ্জে ‘জমে থাকা গ্যাস’ বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ফ্ল্যাটে বিস্ফোরণে ঘরের জানালার কাঁচ ও দরজা ভেঙে গেছে৷

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2023, 01:06 PM

Updated : 17 Dec 2023, 01:06 PM

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ফ্ল্যাটে লিকেজ থেকে জমা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন৷ 

শনিবার রাত ১২টার দিকে কাশীপুর ইউনিয়নের খিলমার্কেট এলাকার নির্মাণাধীন চারতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ। 

এ ঘটনায় দগ্ধ হয়েছেন সুলতান মিয়া (৬০), তার স্ত্রী সাহিদা বেগম (৫০), দুই ছেলে নবী হোসেন (২৭) ও আলী হোসেন (২৫)৷ সুলতান মিয়ার পরিবার পাশাপাশি দু’টি ফ্ল্যাটে থাকে৷ এলাকায় বৈদ্যুতিক সামগ্রীর দোকান আছে তাদের৷ 

সুলতান মিয়ার আরেক ছেলে মো. সাঈদ বলেন, রাতে ছোটভাই কাজ থেকে ফিরে মাকে গোসলের জন্য পানি গরম করতে বলেন৷ মা রান্নাঘরে গিয়ে চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়৷ 

“ঘটনার সময় মাসহ ওই ফ্ল্যাটে থাকা বাবা ও দুই ছোট ভাইও দগ্ধ হন৷ দগ্ধ চারজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ 

“এ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক৷” 

চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সাহিদা বেগমের শরীরের ৫৩ শতাংশ, নবী হোসেনের ২২ ও আলী হোসেনের ২০ শতাংশ এবং সুলতান মিয়ার ৪ শতাংশ পুড়ে গেছে৷ 

ঘটনার পর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট৷ 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফখরউদ্দিন আহাম্মদ বলেন, “ফ্ল্যাটটিতে কোনো গ্যাস সিলিন্ডার আমরা পাইনি৷ তিতাসের সরাসরি লাইনের দু’টি চুলা ছিল৷ প্রাথমিক তদন্তে গ্যাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রতীয়মান হয়েছে৷ 

তিনি আরও জানান, বিস্ফোরণে ঘরের জানালার কাঁচ ও দরজা ভেঙে গেছে৷ আগুনে পুড়ে গেছে ঘরের আসবাবপত্রও৷