২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাছে ডাল কাটতে উঠে শ্রমিকের মৃত্যু, খবর শুনে প্রাণ গেল গৃহকর্তার

সাতক্ষীরার শ্যামনগরের পুলিশ জানায়, অশোক চক্রবর্তী দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2023, 10:47 PM

Updated : 04 Mar 2023, 10:47 PM

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল গৃহকর্তারও।

শনিবার উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল জানান।

নিহত শ্রমিক জামির হোসেন ওরফে ধোনা (৫৪) উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত জহির উদ্দিন গাজীর ছেলে।

ওসি বলেন, সকালে গোপালপুর এলাকার অশোক চক্রবর্তীর বাড়ির একটি গাছের ডাল কাটার জন্য উঠেন শ্রমিক জামির। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

“বাড়ির গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর এই খবর শোনার কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় গৃহকর্তা অশোক চক্রবর্তীর।”

অশোক চক্রবর্তী দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।