বগুড়ায় ট্রাকের ধাক্কায় আহত লাঙ্গলের প্রার্থী
নুরুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
বগুড়া-৩ দুপচাঁচিয়া ও আদমদীঘি আসনের জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম তালুকদার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, শুক্রবার বেলা ৪টায় দুপচাঁচিয়া উপজেলার সিএ অফিসের সামনে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত নুরুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নুরুল ইসলামের ছেলে মারুফ ইসলাম তালুকদার বলেন, “বাবা বিকাল ৪টায় ব্যক্তিগত গাড়ি নিয়ে আদমদীঘি যাওয়ার জন্য বের হন। তার সঙ্গে চালক, ব্যক্তিগত সহকারী ও আমার ছোট ভাই ছিলেন।
“গাড়ি সিএ অফিসের সামনে পৌঁছালে আদমদীঘি থেকে বগুড়াগামী একটি ট্রাক বাবার গাড়িকে ধাক্কা দেয়। এতে তিনি মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।”
এ ঘটনায় গাড়িতে থাকা বাকিরাও আহত হয়েছেন বলে জানান মারুফ।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালককে আটক করে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
