নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত নৈশপ্রহরীর মৃত্যু
শুক্রবার রাতে দুর্বৃত্তরা ছুরি মেরে জয়নালকে রাস্তায় ফেলে রেখে যান।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
নিহত জয়নাল মিয়া (৬৮) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
ওই ভবন মালিকের বরাত দিয়ে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক মিয়া বলেন, নির্মাণাধীন তিনতলা ভবনটিতে রাখা নির্মাণ সামগ্রী পাহারা দেওয়ার জন্য জয়নালকে রাখা হয়।
তিনি বলেন, “শুক্রবার রাতে দুর্বৃত্তরা তাকে ছুরি মেরে রাস্তায় ফেলে রেখে যান। ভোরে পথচারীরা জয়নালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন।”
ওসি আরও বলেন, এরপর তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে জয়নালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় মামলা প্রস্তুতি ও জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
