২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ‘পারিবারিক কলহের জেরে’ বড় ভাইকে কুপিয়ে হত্যা

পুলিশ জানায়, কথা কাটাকাটি এক পর্যায়ে কাঁচি দিয়ে মমিনুলের পেটে কোপ দেন ফরহাদ।

গাইবান্ধায় ‘পারিবারিক কলহের জেরে’ বড় ভাইকে কুপিয়ে হত্যা

প্রতীকি ছবি

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2023, 08:47 PM

Updated : 12 Jul 2023, 08:47 PM

গাইবান্ধার পলাশবাড়ীতে পারিবারিক কলহের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের এক ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পলাশবাড়ী থানার ওসি মো. মাসুদ রানা জানান।

নিহত ৩৭ বছর বয়সী মমিনুল ইসলাম ওই গ্রামের প্রয়াত মকবুল হোসেনের ছেলে। আটক ২৬ বছর বয়সী ফরহাদ হোসেন মমিনুলের ছোট ভাই।

নিহতের পরিবারের বরাতে ওসি মাসুদ রানা বলেন, “দীর্ঘদিন ধরে মমিনুলের সঙ্গে ফরহাদের বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল। দুপুরে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

“এক পর্যায়ে ফরহাদ ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা কাঁচি দিয়ে মমিনুলের পেটে কোপ দেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মমিনুল মারা যান।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই ফরহাদকে আটক করা হয়েছে বলে জানান ওসি মাসুদ রানা।