চাঁদপুরে হত্যা মামলায় দুই তরুণ গ্রেপ্তার
চাঁদপুর সদরে মৈশাদি গ্রামের একটি বাগান থেকে শিলা খানম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।
চাঁদপুর সদর উপজেলায় নারী হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পিবিআই।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- ওই উপজেলার উত্তর মৈশাদি গ্রামের মো. রাজীব মজুমদার (২১) এবং তার সহযোগী আশিকাটির হাপানিয়া গ্রামের মো. কামরুল হাসান হৃদয় (২২)।
পুলিশ সুপার বলেন, গত বৃহস্পতিবার দুপুরে পুলিশ চাঁদপুর সদরে মৈশাদি গ্রামের আদুর খার বাড়ির সামনের বাগান থেকে শিলা খানম নামে এক নারীর মরদেহ উদ্ধার করে।
এই ঘটনায় থানায় মামলা দায়ের হওয়ার পর মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই তালিকাভুক্ত হয়।
এসপি আরও বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার রাতে প্রধান আসামি রাজীব এবং তার সহযোগী হৃদয়কে সদর থানাধীন দাসদী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
রাজীবের সঙ্গে শিলা খানমের প্রেমের সম্পর্ক ছিল; বিকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
