২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মাদ্রাসা হোস্টেলে শিক্ষার্থীকে ‘ধর্ষণ’, অধ্যক্ষ কারাগারে

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে।

কুমিল্লায় মাদ্রাসা হোস্টেলে শিক্ষার্থীকে ‘ধর্ষণ’, অধ্যক্ষ কারাগারে

কুমিল্লার বুড়িচং উপজেলায় ধর্ষণ মামলায় এক মাদ্রাসার অধ্যক্ষকে কারাগারে পাঠিয়েছে আদালত।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 08:56 PM

Updated : 21 Jun 2023, 08:56 PM

কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি মাদ্রাসার হোস্টেলে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় অধ্যক্ষকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. কামরান হোসেন।

কারাগারে পাঠানো মাওলানা শরীফুল ইসলাম উপজেলার ময়নামতি মডেল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।

বুড়িচং থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বরাত দিয়ে ওসি বলেন, পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই মেয়েটি ময়নামতি মডেল মাদ্রাসার শিক্ষার্থী। মাদ্রাসার হোস্টেলে থেকে পড়াশোনা করত সে। একই ভবনে অধ্যক্ষ শরীফুল তার স্ত্রীকে নিয়ে থাকেন। হোস্টেলের ছাত্রীদের দেখাশোনা করার জন্য মাদ্রাসায় একজন নারী শিক্ষক আছেন।

“গত ১৪ জুন রাতে নারী শিক্ষক হোস্টেলে না থাকায় অধ্যক্ষ শরীফুল ওই শিক্ষার্থীর কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। এ সময় পাশে থাকা অন্য এক ছাত্রী বিষয়টি দেখে ফেলে।”

তিনি আরও বলেন, পরদিন অধ্যক্ষ ওই ছাত্রীকে [দেখে ফেলা ছাত্রী] অফিসে ডেকে নিয়ে মেরে ফেলার হুমকি দেন এবং এ ঘটনা কাউকে না বলতে বলেন। এক পর্যায়ে ওই ছাত্রী ও ভুক্তভোগী শিক্ষার্থী গিয়ে অধ্যক্ষের স্ত্রীকে বিষয়টি জানায়। সব কিছু শুনে অধ্যক্ষের স্ত্রী ওই দুই ছাত্রীকে তাদের পরিবারের কাছে নিয়ে দিয়ে আসেন।

ভুক্তভোগী মেয়েটির বাবা বলেন, “গত ১৬ জুন রাতে অধ্যক্ষের স্ত্রী আমাকে কল দিয়ে জিজ্ঞেস করেন, আমার মেয়ে আমাকে কিছু বলেছে কি না। অধ্যক্ষের স্ত্রীর এমন প্রশ্ন আমার কাছে সন্দেহজনক মনে হয়। পরে মেয়ের কাছে ঘটনা জানতে চাইলে সে সব কিছু খুলে বলে।

“পরে মেয়েকে বুড়িচংয়ের কাবিলা এলাকার ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।”

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, “কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা বিষয়টি জানতে পারি। পরে হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ঘটনাটি শুনে অধ্যক্ষ শরিফুল ইসলামকে গ্রেপ্তার করি। ওই শিক্ষার্থী এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছে।”

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফুল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এই ঘটনায় ওই মাদ্রাসা শিক্ষার্থীর মা বুড়িচং থানায় মামলা করেছেন।