১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

একটি দল পাকিস্তানকে ভুলতে পারছে না: নারায়ণগঞ্জে মুক্তিযুদ্ধ মন্ত্রী

স্মৃতিসৌধের আদলে সারাদেশে ছোট আকারে স্থাপনা নির্মাণের আলোচনা চলছে বলে জানান মোজাম্মেল হক।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 10:28 PM

Updated : 22 Jul 2023, 10:28 PM

একটি দল পাকিস্তানকে এখনও ভুলতে পারছে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, “একটি দলের অস্থি-মজ্জায় এখনও পাকিস্তান; তাই তারা দেশটিকে ভুলতে পারছে না। আমাদের গৌরবের ইতিহাসকে কালিমালিপ্ত করার জন্য দেশি ও আন্তর্জাতিক চক্রান্ত চলছে। গ্লানি ভুলতে পারেনি বলে পরাজিত শক্তিটি ষড়যন্ত্র করছে।”

শনিবার বিকালে বন্দর উপজেলার সমরক্ষেত্রে জাতীয় স্মৃতিসৌধের আদলে নির্মাণাধীন স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, “প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনে বানানো হবে; যাতে ১০০ বছর পরও মানুষ চিনতে পারে। একমাস পর ‘বীরের কণ্ঠে বীরগাঁথা’ নামের একটি প্রকল্প হাতে নেওয়া হবে।

“এখনও অনেক মুক্তিযোদ্ধা অসচ্ছল অবস্থায় আছেন। তাদের আবাসের জন্য বীর নিবাস তৈরি হচ্ছে। সেইসঙ্গে বধ্যভূমিগুলোও সংরক্ষণ করছি।”

জাতীয় স্মৃতিসৌধের আদলে সারাদেশে ছোট আকারে স্থাপনা নির্মাণের আলোচনা চলছে বলে জানান মন্ত্রী।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।