২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে হরতাল: সড়কে অবরোধ, গাড়ি ভাঙচুর

কুলিয়ারচরে দুই কর্মী ও ভৈরবে আরেক নেতার মৃত্যুর প্রতিবাদে বুধবার জেলায় অর্ধদিবস হরতাল আহ্বান করে জেলা বিএনপি।

কিশোরগঞ্জে হরতাল: সড়কে অবরোধ, গাড়ি ভাঙচুর

শহরের তেরিপট্রি এলাকায় একটি কভার্ড ভ্যান ভাঙচুর করা হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2023, 03:59 PM

Updated : 01 Nov 2023, 04:45 PM

জেলা বিএনপির ঘোষিত অর্ধ দিবস হরতাল ও কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে কিশোরগঞ্জে বিভিন্ন সড়কে অবরোধ সৃষ্টি করে মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। ভাঙচুর করা হয়েছে কভার্ড ভ্যান ও অটোরিকশা। 

মঙ্গলবার অবরোধ কর্মসূচি চলাকালে কুলিয়ারচরে দুই কর্মী ও ভৈরবে আরেক বিএনপি নেতার মৃত্যুর প্রতিবাদে কিশোরগঞ্জে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল আহ্বান করে জেলা বিএনপি।

কর্মসূচি সফল করতে ভোর থেকেই বিএনপির নেতা-কর্মীরা জেলা শহরসহ কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও কিশোরগঞ্জ-ভৈরবসহ মহাসড়কে মিছিল বের করেন। গাছ ফেলে মহাসড়ক অবরোধ করেন তারা। 

খবর পেয়ে পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হরতাল ও অবরোধের পক্ষের একটি মিছিল থেকে শহরের তেরিপট্রি এলাকায় একটি কভার্ড ভ্যান এবং অপর একটি মিছিল থেকে খিলপাড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়।

এছাড়া গাইটাল আন্তঃজেলা বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।  

বুধবার দুপুরে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জানান, দলের নেতা-কর্মী ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হরতাল পালিত হয়েছে এবং অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। 

সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, মানুষের জানমাল রক্ষায় সতর্ক আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার সকাল থেকে  কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।