ফেনীতে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী নিহত
বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ফেনীর দাগনভূঞা উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার সন্ধ্যায় ফেনী-নোয়াখালী মহাসড়কে উপজেলার দুলা মিয়া কটন এলাকার এক মিলের সামনে এ ঘটনা ঘটে বলে মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল জানান।
নিহতদের মধ্যে একজন হচ্ছেন নোয়াখালীর সুধারাম থানার শুভ (৩০)। আরেক নারীর নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মোস্তফা কামাল বলেন, সন্ধ্যায় ওই এলাকায় একটি দ্রুতগামী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সামনের অংশ দুমড়ে-মুচড়ে অটোরিকশার পাঁচযাত্রী গুরুতর আহত হয়।
তিনি আরও বলেন, স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক এক নারীসহ দুজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।
