২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় স্ত্রীকে মেরে পেয়েছিলেন যাবজ্জীবন, প্রথম স্ত্রীকে খুনে হল মৃত্যুদণ্ড

ময়মনসিংহের ফখরুল দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবনের সাজা থেকে জামিনে বেরিয়ে খুন করেন প্রথম স্ত্রীকে।

দ্বিতীয় স্ত্রীকে মেরে পেয়েছিলেন যাবজ্জীবন, প্রথম স্ত্রীকে খুনে হল মৃত্যুদণ্ড

ময়মনসিংহ সদর উপজেলার ফখরুল ইসলামকে প্রথম স্ত্রীকে খুনের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 05:26 PM

Updated : 01 Aug 2023, 05:26 PM

ময়মনসিংহ সদর উপজেলায় প্রথম স্ত্রীকে খুনের দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ওই ব্যক্তি তার দ্বিতীয় স্ত্রীকে খুন করে যাবজ্জীবন সাজা পেয়েছিলেন। 

মঙ্গলবার দুপুরে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্র নিয়োজিত আইনজীবী মোকাম্মেল হক শাকিল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফখরুল ইসলাম (৫৮) উপজেলার ফকিরাকান্দা বয়রা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, পারিবারিক কলহের কারণে ২০১২ সালের ২৬ মার্চ বিকালে ফখরুল ইসলাম ঘুমিয়ে থাকা স্ত্রী শিরিনাজ বেগমকে বটি দিয়ে জবাই করে হত্যা করেন।

নিহতের ভাই রুহুল আমিন ২৮ মার্চ কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা করেন। একই বছরের ২২ আগস্ট তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেন। ১৫ জনের সাক্ষ্যের পরিপ্রেক্ষিতে আদালত ফখরুলকে মৃত্যুদণ্ড দিয়েছে।

আইনজীবী আরও বলেন, এর আগে ২০০১ সালের ১৬ অগাস্ট ফখরুল তার দ্বিতীয় স্ত্রী কানিজ ওরফে তানিয়াকে হত্যা করেন। সেই হত্যা মামলায় ২০০৩ সালের ১৩ সেপ্টেম্বর আদালত তাকে যাবজ্জীবন সাজা দেয়। সাজা ভোগ করা অবস্থায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন।  

তারপরই ফখরুল তার প্রথম স্ত্রীকে হত্যা করেন উল্লেখ করে আইনজীবী আরও বলেন, এই মামলা চলাকালে আসামি নিজেকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছিলেন। কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নীরিক্ষা করে তাকে সুস্থ বলে প্রতিবেদন দেন।

তিনি বলেন, “যাবজ্জীবন সাজাকালে জামিনে মুক্তি পেয়ে ফখরুল দ্বিতীয়বার একই ধরনের অপরাধ করায় ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০৩ ধারায় নির্ধারিত বিধান অনুসারে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হয়।”