কক্সবাজারে ৭টি দেশি বন্দুক ও গুলিসহ যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি অস্ত্র বেচাকেনা ও ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানায় র্যাব।
কক্সবাজারের রামু উপজেলায় দেশে তৈরি সাতটি বন্দুক, দুটি গুলি ও বিস্ফোরক দ্রব্যসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। ওই যুবক আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য বলে র্যাবের ভাষ্য।
শনিবার ভোরে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ঘোনারপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান।
গ্রেপ্তার মনছুর আলম (২০) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের থিমছড়ি এলাকার আব্দুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতির ঘটনায় একাধিক মামলা রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, নুরুল আবছারের বিরুদ্ধে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি অস্ত্র বেচাকেনা ও অপরাধী চক্রের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে। গোপন খবর পেয়ে ঘোনারপাড়ায় নুরুল আবছারের বাড়িতে অভিযান চালায় র্যাব।
র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন; এ সময় ধাওয়া দিয়ে নুরুল আবছারকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যান বলে জানান তিনি।
তিনি বলেন, নুরুল আবছারের শরীর তল্লাশি করে দেশে তৈরি একটি বন্দুক পাওয়া যায়। পরে তার বসত ঘর তল্লাশি করে দেশে তৈরি আরও ছয়টি লম্বা বন্দুক, দুটি গুলি, ২০০ গ্রাম গান পাউডার এবং দুই লাখ ৯৫ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে র্যাব কর্মকর্তা বলেন, “নুরুল আবছার বিভিন্ন মাধ্যম থেকে অস্ত্র সংগ্রহ করে নিজের কাছে মজুদ রাখতের। এসব অস্ত্র দিয়ে তারা অপরাধ কর্মকাণ্ডে ব্যবহারের পাশাপাশি কক্সবাজার শহর এবং রোহিঙ্গা ক্যাম্পের দুষ্কৃতিকারীদের সরবরাহ করতেন।”
নুরুল আবছারের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
