২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নতুন শিক্ষাক্রম নিয়ে আন্দোলনকারীদের বেশির ভাগই কোচিং বাণিজ্যে জড়িত’

মন্ত্রী বলেন, আন্দোলনকারীদের বেশির ভাগের মূল উদ্দেশ্যই হল কোচিং বাণিজ্য টিকিয়ে রাখা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2023, 05:20 PM

Updated : 11 Nov 2023, 01:48 AM

নতুন শিক্ষাক্রম সংস্কার বা বাতিলের দাবিতে যারা আন্দোলন করছেন, তাদের বেশির ভাগই কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেছেন, “তারা যে দাবিগুলো করছেন, তা একেবারেই যৌক্তিক নয়।” 

শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে নতুন শিক্ষাক্রম ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আন্দোলনকারীদের কেউ কেউ স্কুল পর্যায়ে নোট-গাইড, বিক্রির সঙ্গে জড়িত। দুঃখজনক হলেও সত্য; এর সঙ্গে কিছু কিছু শিক্ষকও জড়িত। তাই আন্দোলনকারীদের মূল উদ্দেশ্যই হলো তাদের বাণিজ্য টিকিয়ে রাখা।” 

শিক্ষায় ‘এত বড় একটি রূপান্তরের’ ক্ষেত্রে এক বছর বেশি সময় নয় উল্লেখ করে দীপু মনি আরও বলেন, “এতে অভিভাবকরা ধীরে ধীরে অভ্যস্ত হবেন; আর শিক্ষকরা ক্রমাগত প্রশিক্ষণ পাবেন।”

নতুন শিক্ষাক্রমের বইগুলোর এখনো পরীক্ষামূলক সংস্করণ চলছে দাবি করে শিক্ষামন্ত্রী আরও বলেন, “ক্রমাগত আমরা এর পরিমার্জন-পরিচালন করছি কিন্তু সিস্টেম পরিবর্তন হবে না।” 

এই শিক্ষাক্রম প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, “২০১৭-১৮ সালের অনেক গবেষণা ও সিদ্ধান্তের পর আজকের এই শিক্ষাক্রম এবং এই শিক্ষাক্রমের পুরোপুরি বাস্তবায়ন হবে ২০২৭ সাল পর্যন্ত।”

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মন্ত্রীর সঙ্গে ছিলেন।