২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইলিশ না দেওয়ায়’ পদ্মার চরে জেলেকে গুলি করে হত্যা

রোববার রাতে মুন্সীগঞ্জের শ্রীনগরের নুরু বয়াতির চরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 11:54 PM

Updated : 29 Oct 2023, 11:54 PM

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পদ্মার চরে ইলিশ ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় এক জেলেকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার রাত ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী নুরু বয়াতির চরে এ ঘটনা ঘটে বলে শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানান। 

নিহত যুবক রুবেল লৌহজং উপজেলার জশলদিয়া গ্রামের বাবু সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী নুরু বয়াতি দাবি করেন, “শনিবার বিকালে কামারগাঁও এলাকার রিয়াদ নামে এক যুবক ১০-১৫ জন লোক নিয়ে চরের জেলেদের কাছ থেকে ইলিশ মাছ ছিনিয়ে নিতে আসে। তখন কামারগাঁও এলাকার খালেক সারেংয়ের ছেলে তাতে বাধা দেয়। এর জেরে রিয়াদ ও তার লোকজন খালেকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

“রোববার বিকালে রিয়াদ আরও বেশি লোকজন নিয়ে চরে এসে জেলেদের ইলিশ ছিনিয়ে নিতে চায়। তখন জেলেরা তাদের বাধা দেয়। একপর্যায়ে রিয়াদ তার কাছে থাকা অস্ত্র দিয়ে রুবেলের বুকে গুলি করে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রুবেল মারা যান। ঘটনার পর পরই রিয়াদ তার লোকজন নিয়ে চর থেকে পালিয়ে যায়।

জশলদিয়া গ্রামের রুবেলের প্রতিবেশী মো. শামীম বলেন, “হাসপাতালে নেওয়ার আগেই রুবেল মারা গেছেন। তিনি পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।”

শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, “ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই জেলে মারা গেছেন বলে জেনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”