২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামদা হাতে ইউপি সদস্যকে চেয়ারম্যানের ধাওয়া, ভিডিও ভাইরাল

মেহেন্দিগঞ্জ থানার ওসি বলেন, দুজনের দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত হচ্ছে।

রামদা হাতে ইউপি সদস্যকে চেয়ারম্যানের ধাওয়া, ভিডিও ভাইরাল

রামদা হাতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা রাঢ়ী।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2023, 10:36 PM

Updated : 20 Oct 2023, 10:36 PM

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় রামদা নিয়ে ইউনিয়ন পরিষদের সদস্যকে চেয়ারম্যান ধাওয়া করছেন এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের স্টিমারঘাট বাজারে এ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম।

তিনি বলেন, দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা রাঢ়ী এবং ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাচ্চু দেওয়ান এ দুটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্ত করা হচ্ছে।

ইউপি সদস্য বাচ্চু দেওয়ান বলেন, চেয়ারম্যানের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ১৫ দিন আগে বরিশাল জেলা প্রশাসক ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পরিষদের ১০ সদস্য অনাস্থা দিয়েছেন। শনিবার তারা সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন। এজন্য চেয়ারম্যান তার ওপর ক্ষুব্ধ।

বাচ্চুর অভিযোগ, সকাল ৭টায় স্টিমারঘাট বাজারের একটি দোকানে তিনি চা পান করছিলেন। এ সময় ইউপি চেয়ারম্যান এসে তাকে অকথ্য ভাষায় গালি দেন। একপর্যায়ে রামদা নিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। তখন স্থানীয়রা এসে চেয়ারম্যানের হাত থেকে তাকে রক্ষা করেছেন।

তবে ইউপি চেয়ারম্যান মোস্তফা রাঢ়ী পাল্টা অভিযোগ করে বলেন, সকালে বাজারে গেলে ইউপি সদস্য বাচ্চু ও তার ছেলে আকবরসহ ১০-১২ জন তার ওপর হামলা করে। তারা মারধর করে হাত ভেঙে দিয়েছে। এ ছাড়া তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।

“আমাকে হত্যার উদ্দেশ্যে নিয়ে আসা রামদা নিজেকে রক্ষায় ছিনিয়ে নিয়েছি। তখন ভিডিও করে ভাইরাল করা হয়েছে”, দাবি করেন চেয়ারম্যান।