২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কোনো দলের হয়ে কাজ করব না, ‘কসম’ কাটলেন সিইসি

“আমরা কোনো দল বা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মাঠে নামি নাই। আমরা নেমেছি একটা সুষ্ঠু, সুন্দর ও নির্বাচনে জন্য”, বলেন নাসির উদ্দিন।

কোনো দলের হয়ে কাজ করব না, ‘কসম’ কাটলেন সিইসি
মৌলভীবাজারে ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2025, 06:49 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

কোনো দল বা গোষ্ঠীর হয়ে কাজ না করার প্রতিশ্রুতি দিয়ে ‘কসম’ কাটলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। 

তিনি বলেছেন, “একটা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়াই আমাদের লক্ষ্য। এ নিয়ে অন্তরের মধ্যে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। ‘আল্লাহর কসম’ করে বলছি, আমরা কোনো গোষ্ঠী বা দলের হয়ে কাজ করব না।”

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হলে ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশে নাসির উদ্দিন বলেন, “বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বলতে হবে, এবার আগের মত ভোট হবে না। ভোটারদের একটি বার্তা দেবেন, আপনার ভোট আপনি দিতে পারবেন। এ লক্ষে একটি জাগরণ সৃষ্টি করতে হবে।

“আমরা কোনো দল বা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মাঠে নামি নাই। আমরা নেমেছি একটা সুষ্ঠু, সুন্দর ও নির্বাচনে জন্য।”

নারী ভোটারসহ সব ভোটার যাতে ভোটকেন্দ্রে আসেন সে লক্ষে নানা প্রচার-প্রচারণার কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম।

এতে বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দিন খান, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারি এবং অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।