২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ঘরে স্বামীর গলাকাটা লাশ, ক্ষেত থেকে অজ্ঞান স্ত্রীকে উদ্ধার

প্রথম স্ত্রী মৃত্যুর বছর খানেক পর দুই বছর আগে রাশিদা বেগমকে বিয়ে করে সংসার শুরু করেন শাহজাহান ।

ময়মনসিংহে ঘরে স্বামীর গলাকাটা লাশ,  ক্ষেত থেকে অজ্ঞান স্ত্রীকে উদ্ধার

নিহতের বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভীড়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2023, 03:09 PM

Updated : 10 Jun 2023, 07:59 PM

ময়মনসিংহের মুক্তাগাছায় বসতঘর থেকে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্ত্রীকে পাওয়া গেছে বাড়ির পাশের ধানক্ষেতে বিবস্ত্র ও অজ্ঞান অবস্থায়।

শনিবার সকালে উপজেলার মানকোন ইউনিয়নের ঘাটুরী গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুক্তাগাছা থানার ওসি মো. আব্দুল মজিদ।

নিহত কৃষকের নাম মো. শাহজাহান (৫০)। তিনি পাঁচ সন্তানের জনক। প্রথম স্ত্রী মৃত্যুর বছর খানেক পর দুই বছর আগে রাশিদা বেগমকে (৪২) বিয়ে করে সংসার শুরু করেন শাহজাহান ।

ওসি আব্দুল মজিদ জানান, শুক্রবার রাতের কোনো এক সময় শাহজাহানকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করা হয়। সকালে তার মেয়ে বাবার লাশ দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে বসতঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে বাড়ির পাশের ধানক্ষেত থেকে আহত ও বিবস্ত্র অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা হাসমত আলী জানান, নিহত শাহজাহান ও তার ভাইদের মধ্যে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ ছিল। শনিবার এই নিয়ে আলোচনায় বসার কথা ছিল। এ ছাড়াও এই বাড়িতে একজন কবিরাজের যাতায়াত ছিল। শুক্রবার রাতেও তাকে আসতে দেখা যায়।

ওসি মজিদ জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ সহ বিস্তারিত বলা যাবে।