২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বৈষম্য-সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পাহাড়ের দাবিতে বাঙালিদের সমাবেশ

উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে বাঙালি প্রতিনিধিসহ তিন পার্বত্য জেলা পরিষদে সদস্য নিয়োগের ক্ষেত্রে জনসংখ্যা অনুপাতে সব সম্প্রদায় হতে মনোনয়নের দাবি জানান বক্তারা।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2024, 10:55 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

‘বৈষম্য-সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পাহাড়ের দাবি এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে’ রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে রাঙামাটি পৌর প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বাঙালিদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ-পিসিসিপি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিমনেসিয়াম প্রাঙ্গণে এসে মহাসমাবেশে মিলিত হয়।

সংগঠনের সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের পরিচালনায় এতে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান, মহাসচিব আলমগীর কবির, সহসভাপতি অ্যাডভোকেট পারভেজ তালুকদার। 

সমাবেশে বক্তারা পাহাড়ে চাঁদাবাজি, অস্ত্রবাজি বন্ধের দাবি জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের সব প্রতিষ্ঠান ও সংস্থায় সর্বোচ্চ পদে পাহাড়িদের পদায়ন করা হচ্ছে। পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে বাঙালি প্রতিনিধিসহ তিন পার্বত্য জেলা পরিষদে সদস্য নিয়োগের ক্ষেত্রে জনসংখ্যা অনুপাতে সব সম্প্রদায় হতে মনোনয়নের দাবি জানান তারা।

বক্তারা বলেন, সরকারি চাকরি, কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উপবৃত্তি ইত্যাদির ক্ষেত্রে জনসংখ্যার অনুপাতে অনগ্রসর কোটা চালু করে নৃগোষ্ঠী ও বাঙালিদের জন্য সমহারে কোটা নির্ধারণ করতে হবে।