সাতক্ষীরায় ‘কাজ খুঁজতে যেতে বলায়’ স্ত্রীকে পিটিয়ে হত্যা
এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ।
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কাজ খুঁজতে যেতে বলায় এক গৃহবধূকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
বুধবার সকালে উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান।
নিহত রানু বেগম (৩০) উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ছিদ্দিক আলি সরদারের মেয়ে। তার স্বামী মুজিবুর রহমান (৩৫) পৌরসভার গদখালি গ্রামের ইমান আলির ছেলে।
রানুর ভাই সাদ্দাম হোসেন বলেন, “বিয়ের পর বোনের সুখের কথা ভেবে তার স্বামীকে একাধিকবার ব্যবসা করার জন্য ও বিদেশ যেতে টাকা দেওয়া হয়েছে। এমনকি তাদের বাড়িও করে দেওয়া হয়েছে; এরপরও মুজিবুর কোনো কাজকর্ম করতেন না।”
সংসার চালানোর জন্য কাজ করতে বললেই মুজিবুল ক্ষুব্ধ হয়ে রানুকে মারপিট করতেন বলে জানান তিনি।
কান্না ভেজা কণ্ঠে তিনি আরও বলেন, “সকালে ঘুম থেকে উঠে মুজিবুরকে কাজের সন্ধান করতে বললে তিনি শাবল দিয়ে রেনুকে পিটিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের স্বামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
