২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে কনস্টেবলের গুলিতে চা দোকানি আহত

টহলের সময় অটোরিকশায় উঠতে গিয়ে ওই কনস্টেবলের শটগান থেকে মিস ফায়ার হয়ে একটি গুলি চা দোকানির পায়ে লাগে বলে জানায় পুলিশ।

ঝালকাঠিতে কনস্টেবলের গুলিতে চা দোকানি আহত

ঝালকাঠির রাজাপুর থানা।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2023, 11:43 PM

Updated : 27 Dec 2023, 11:43 PM

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ‘অসাবধানতাবশত’ পুলিশের এক কনস্টেবেলের শটগান থেকে বের হওয়া গুলিতে চা দোকানি আহত হয়েছেন।

শনিবার রাত পৌনে ১টার দিকে উপজেলার তারাবুনিয়া বাজারে ঘটনাটি ঘটলেও বুধবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।

এ ঘটনায় কনস্টেবল নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।

আহত চা দোকানি মনির মাহমুদ (৪৫) উপজেলার রোলা গ্রামের প্রয়াত জয়নাল আবেদীনের ছেলে। তিনি বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ সুপার আফরুজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লেবুবুনিয়া বাজারে টহলের সময় অটোরিকশায় উঠতে গিয়ে কনস্টেবল নুরুল ইসলামের শটগান থেকে একটি মিস ফায়ার হয়।

“গুলিটি রাস্তার পাশের চা দোকানি মনিরের পায়ে গিয়ে লাগে। তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মনির ভাল আছেন।”

পুলিশের পক্ষ থেকে চা দোকানি মনিরের চিকিৎসাসহ সার্বিক খোঁজ-খবর রাখা হচ্ছে বলে জানান এসপি আফরুজুল।

গুলিবিদ্ধ মনির বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

তিনি সাংবাদিকদের বলেন, “ঘটনার দিন রাত সাড়ে ১২টার পর থানা পুলিশ টহলে আসেন। তখন আমি দোকানে চা বানাচ্ছিলাম। হঠাৎ কনস্টেবল নুরুল ইসলামের হাতে থাকা বন্দুক থেকে গুলি বের হয়। গুলিটি আমার পায়ে লাগে। এ ছাড়া দোকানের চায়ের কেটলি দুমড়ে-মুচড়ে যায়।”

পুলিশের লোকেরাই তাকে হাসপাতালে নিয়েছে জানিয়ে মনির বলেন, দোকান বন্ধ থাকায় তার পরিবার আর্থিক সংকটে পড়েছে।