ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
১১ বছর আগের ঘটনায় করা মামলায় এ রায় দিয়েছে আদালত।
ফরিদপুরের বোয়ালমারীতে শিশু ধর্ষণের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে ফরিদপুর শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের পিপি স্বপন পাল।
বর্তমানে ২৭ বছর বয়সি আসামি দ্বীন ইসলাম জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামের বাসিন্দা।
রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর দুপুরে বোয়ালমারী উপজেলার একটি গ্রামের ১০ বছর বয়সি এক শিশুকে বাড়িতে গিয়ে তাকে জোরে ধর্ষণ করেন একই গ্রামের ১৬ বছরের কিশোর দ্বীন ইসলাম। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্বজনরা। পরদিন ওই শিশুর মা বোয়ালমারী থানায় মামলা করেন।
ন্যায় বিচার পেয়েছেন দাবি করে আদালতের পিপি জানান, এ রায়ে রাষ্ট্রপক্ষ ও মামলার বাদী খুশি।
