১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লালগালিচা দেখে স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষোভ

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় এ ঘটনা ঘটে।

লালগালিচা দেখে স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষোভ
সিলেট বিমানবন্দর থানা পরিদর্শনের সময় লালগালিচা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2025, 03:02 PM

Updated : 10 Sep 2026, 12:38 PM

সিলেটে থানা পরিদর্শনের সময় লালগালিচা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় এ ঘটনা ঘটে।  

এ সময় উপদেষ্টা উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি বার বার বলেছি তোমাদের, এই প্রটোকল করতে করতে তোমাদের সময় শেষ, মেইন কাজ করতে পারি না। একশবার একটা কথা বললে তোমরা শোন না।”  

জাহাঙ্গীর আলম চৌধুরী একটি অনুষ্ঠানে যোগ দিতে সুনামগঞ্জে যাচ্ছিলেন। বিমানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি পাশেই থানা পরিদর্শনে যান। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। 

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “আমার থেকে তো আপনারা ভালো বলতে পারবেন। আপনারা তো দেশের আনাচে-কানাচে ঘুরে বেড়ান। পরিবর্তন অনেক হইছে, আল্লাহ দিলে আরও হবে। দেখুন, যে যাই বলুক না কেন, রোজার সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হইছে।”

উপদেষ্টা সাংবাদিকদেরও তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, “আপনারা (সাংবাদিকরা) যেটা সত্য সেটা তুলে ধরে আমাদেরকে জানাবেন, আমরা দ্রুত ব্যবস্থা নেব। অনেকে সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কেননা তাদের নতুন গাড়ি-টাড়ি নাই। অনেক গাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হইছে। আর আমরাও এখনো নতুন গাড়ি তাদেরকে দিতে পারিনি। হয়তো দ্রুত তারা গাড়ি পেয়ে যাবে।”

এ সময় পুলিশের সদস্যদের নানা সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, “আপনারা জানেন, পুলিশের থেকে আমাদের আশা অনেক। কিন্তু তাদের থাকা-খাওয়ার অনেক সমস্যা আছে। এই যে ধরেন, তারা একটা ভাড়া বাড়িতে থাকে। এগুলোর উন্নতি করা দরকার। আপনারা এগুলো বলবেন যে, এদের থাকা এবং খাওয়ার উন্নতি করা দরকার। ওদের থেকে কিছু পেতে হলে, দিতে হবে কিছু।”  

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে চিঠি পাঠানোর বিষয়ে কোনো আপডেট আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইন্টারপোলের আপডেটটা আগে যেটা আছে, ওই অবস্থায় আছে। আপডেট হলে আপনাদের জানানো হবে।”

এ সময় ‘মব’ প্রসঙ্গে তিনি বলেন, “মবও কমে এসেছে। সিলেটে যে ঘটনাটি ঘটল সবাইকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এখানে কে কার ভাই, কার সঙ্গে কী সম্পর্ক, সেটা আমরা মাথায় নেইনি। আইন সবার জন্য সমান। তাই আমি অনুরোধ করব, আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়।” 

৫ অগাস্ট দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের সব এখনও উদ্ধার করা যায়নি- জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, “আমরা চেষ্টা করে যাচ্ছি। অস্ত্র বাইরে থাকলে কিছুটা হুমকি থাকবেই। তাই সেগুলো উদ্ধারে আমরা যথাযথ প্রক্রিয়ায় চেষ্টা করে যাচ্ছি।”