২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় জাটকা শিকার করার অভিযোগে ১১ জেলে আটক

আটকদের মধ্যে ৮ জনকে জরিমানা ও ৩ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2025, 02:32 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অভিযোগে ১১ জেলেকে আটক করা হয়েছে।  

এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৫ কেজি জাটকা, ২টি নৌকা ও ৫ হাজার মিটার কারেন্ট জাল।

শুক্রবার দুপুরে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

আটক জেলেরা হলেন-মো. আল-আমিন (৩৫), জাকির (৩০), খোকন (৫৩), নুরুন্নবী (৩২), জয়নাল চৌকিদার (৪০), কামাল হোসেন (৩৫), ইব্রাহীম সরদার (২২) ও কুদ্দুস আলী পেদা (২২)।

অপ্রাপ্ত বয়স্ক জেলেদের নাম প্রকাশ করা হলো না।

মিজানুর রহমান বলেন, “বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর মোহনা এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালায়। এ সময় জাটকা ধরা অবস্থায় হাতেনাতে ১১ জেলেকে আটক করা হয়। 

“রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা আটক জেলেদের মধ্যে ৮ জনকে জরিমানা ও ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেন।”

মৎস্য কর্মকর্তা বলেন, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস পদ্মা-মেঘনায় অভয়াশ্রম এলাকায় জাটকা সংরক্ষণে অভিযান চলবে। গত ২ মার্চ টাস্কফোর্সের অভিযানে ৬ জেলে এবং পরদিন আটক হয় ২ জেলে।