২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গার চার যমজ নাম পেল দোয়েল, কোয়েল, ময়না, টিয়া

বুধবার মা ও শিশুদের দেখতে যান জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান; সঙ্গে নিয়ে যান ফুল ও মিষ্টি।

চুয়াডাঙ্গার চার যমজ নাম পেল দোয়েল, কোয়েল, ময়না, টিয়া

চুয়াডাঙ্গার একটি হাসপাতালে একসঙ্গে জন্ম নিয়েছে এই চার শিশু।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2023, 09:59 PM

Updated : 10 May 2023, 09:59 PM

চুয়াডাঙ্গায় একসঙ্গে জন্ম নেওয়া চার শিশুর নাম রেখেছেন জেলা প্রশাসক; দোয়েল, কোয়েল, ময়না, টিয়া নাম পেয়েছে তারা।

মঙ্গলবার শহরের আঁখিতারা ক্লিনিকে এ চার কন্যাশিশুর মা হন দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের রাজমিস্ত্রি মাহবুবুর রহমানের স্ত্রী কল্পনা খাতুন। এ দম্পতির ১০ বছর বয়সি একটি ছেলে আছে।

খবর পেয়ে বুধবার মা ও শিশুদের দেখতে যান জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। সঙ্গে নিয়ে যান ফুল ও মিষ্টি। সেইসঙ্গে তিনি ক্লিনিক কর্তৃপক্ষকে বিনা খরচে কল্পনা খাতুনকে চিকিৎসা দিতে বলেন।

জেলা প্রশাসক বলেন, “হাসপাতালে গিয়ে জানতে পারি নবজাতকদের নাম রাখা হয়নি। শিশুদের বাবা-মা ও চিকিৎসকের অনুরোধে চারটি পাখির নামে তাদের নামকরণ করি। মা ও শিশুরা এখন ভালো আছে।”

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জন্ম নেওয়া চার শিশুর চিকিৎসা খরচ বাবদ ১০ হাজার টাকাও পরিবারটির হাতে তুলে দেন তিনি।

ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারের মাধ্যমে কল্পনা খাতুনের চার কন্যা সন্তানের জন্ম হয়েছে। নবজাতকরা ডা. মাহবুবুর রহমান মিলনের তত্ত্বাবধানে আছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কল্পনা খাতুন কিছুটা অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেওয়া হয়।