সিরাজগঞ্জে পাল্টাপাল্টি হামলা: আওয়ামী লীগের ৩ নেতা বহিষ্কার
তিন দিন আগে ওই হামলায় কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান প্যানেল মেয়র আহত হন।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পাল্টাপাল্টি হামলার ঘটনায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই হামলায় সাবেক পৌর মেয়র ও বর্তমান প্যানেল মেয়র আহত হন।
শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
পরে বিকালে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- কাজিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাছির উদ্দীন তাছু, পৌর যুবলীগের সহসভাপতি সোহাগ সরকার এবং পৌর ছাত্রলীগের সহসভাপতি রবিউল হাসান রবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবারের হামলার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ওই ৩ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তারা কারণ দর্শাতে না পারলে পদ ও দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
কাজিপুর থানার ওসি শ্যামল দত্ত জানান, পূর্ব শক্রতার জেরে ২৯ নভেম্বর সন্ধ্যার পর কাজিপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র টি এম শরিফুল ইসলাম কুড়ানকে মারধর করেন প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনার পর কুড়ানের সমর্থকরা প্রতিপক্ষ বেডিপোটল গ্রামের হবি সেখের বাড়িতে হামলা চালায়। হবিকে বাড়িতে না পেয়ে তার স্ত্রীর বড় ভাই সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী নিজাম উদ্দিনকে কুপিয়ে জখম করেন হামলাকারীরা।
আহতদের মধ্যে সাবেক মেয়র নিজাম উদ্দিনকে ঢাকায় এবং প্যানের মেয়র কুড়ানকে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
এ ঘটনায় নিজাম উদ্দিনের ভাতিজা নাজমুল হক বাদী হয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১০ থেকে ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন।
হামলায় জড়িত থাকার অভিযোগে রাশেদুল ইসলামকে গ্রেপ্তার হয়েছে; বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান ওসি শ্যামল দত্ত।
তবে আহত প্যানেল মেয়রের পক্ষ থেকে শনিবার রাত পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
আরও পড়ুন:
