১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে পাল্টাপাল্টি হামলায় সাবেক মেয়র ও প্যানেল মেয়র আহত

কাজিপুর পৌরসভার প্যানেল মেয়র কুড়ানের লোকজন বাড়িতে গিয়ে হবি শেখকে না পেয়ে সাবেক মেয়র নিজাম উদ্দিনকে কুপিয়ে আহত করে।

সিরাজগঞ্জে পাল্টাপাল্টি হামলায় সাবেক মেয়র ও প্যানেল মেয়র আহত

গুরুতর আহত নিজাম উদ্দিনকে প্রথমে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2023, 10:24 AM

Updated : 30 Nov 2023, 10:24 AM

পূর্ব শক্রতার জেরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত হয়েছেন সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও প্যানেল মেয়র।

বুধবার সন্ধ্যায় ও রাতে উপজেলার পৌর এলাকার বেড়িপোটল গ্রামে এই হামলায় আহত প্যানেল মেয়র শফিকুল ইসলাম কুড়ানকে চিকিৎসার জন্য বগুড়ায় এবং সাবেক মেয়র হাজী নিজাম উদ্দিনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাজিপুর থানার ওসি শ্যামল দত্ত।

সাবেক মেয়র হাজী নিজাম উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং প্যানেল মেয়র শফিকুল ইসলাম পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

ওসি জানান, পূর্ব শক্রতার জেরে নিজাম উদ্দিনের ভগ্নিপতি হবি শেখ বুধবার সন্ধ্যার পর শফিকুল ইসলাম কুড়ানকে মারধর করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ায় হাসপাতালে পাঠিয়েছে স্বজনরা।

এ সংবাদ ছড়িয়ে পড়লে কুড়ানের লোকজন হবি শেখকে মারধর করতে তাদের বাড়িতে যায়। কিন্তু তাকে না পেয়ে তারা সাবেক মেয়র নিজাম উদ্দিনকে কুপিয়ে আহত করে। হবি শেখ ও নিজাম উদ্দিন একই বাড়িতে থাকেন।

গুরুতর আহত নিজাম উদ্দিনকে প্রথমে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

Image

নিজাম উদ্দিনকে দেখতে হাসপাতালে যান জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান ও সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী জান্নাত আরা তালুকদার হেনরী।

রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদুল ইসলাম জানান, আহত নিজাম উদ্দিনের মাথায় ১৭টি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়াও দুই হাতসহ শরীরের কয়েকটি স্থানে তাকে কুপিয়ে জখম করা হয়েছে।

প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান এই চিকিৎসক।

এদিকে খবর পেয়ে আহত নিজাম উদ্দিনকে দেখতে জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ (সদরের একাংশ ও কামারখন্দ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনাসহ নেতাকর্মীরা রাতে সিরাজগঞ্জ হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।

এসময় নিজাম উদ্দিনের বোন জামাই কে এম হোসেন আলী হাসান অভিযোগ করে বলেন, “অভিযুক্ত কুড়ান এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। এর আগেও সে নিজাম উদ্দিনকে মারধর করেছিল এবং কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেনকে ছুরিকাঘাত করে পেটের ভুঁড়ি বের করে দিয়েছিল।”

এ বিষয়ে প্যানেল মেয়র সফিকুল ইসলাম কুড়ানের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইলে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

ওসি শ্যামল দত্ত বলেন, এ ঘটনায় রাতে কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তদের আটকে অভিযান চলছে।