২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাজীপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শিক্ষককে ৩ দিনের জেল

“ভোটারদের জোরপূর্বক ভোট দেওয়ানোর চেষ্টা এবং প্রকাশ্যে প্রচারণার অভিযোগে কামরুলকে তিন দিনের জেল দেওয়া হয়েছে।”

গাজীপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শিক্ষককে ৩ দিনের জেল
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2024, 12:16 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক স্কুলশিক্ষককে তিন দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোজাম্মেল হক শেখ জানান।

দণ্ডিত কামরুল হাসান খান (৪৪) উপজেলার রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু বলেন, “সকালে ওই কেন্দ্রে ভোটারদের জোরপূর্বক ভোট দেওয়ানোর চেষ্টা এবং প্রকাশ্যে প্রচারণার অভিযোগে কামরুলকে তিন দিনের জেল দেওয়া হয়েছে।” 

প্রিসাইডিং কর্মকর্তা মোজাম্মেল বলেন, “বারবার ঘোরাফেরা করা এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে এ দণ্ড দেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।”

তিনি বলেন, এ কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৩৬৫ জন। মোট বুথ ৮টি। এ কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ১২০ ভোট কাস্ট হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা জানান, শ্রীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ৯৬ হাজার ৮৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৭ হাজার ৭১৬ জন, নারী ভোটার এক লাখ ৯৯ হাজার ১৭৪ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৬ জন। মোট ভোটকেন্দ্র ১৪৮টি এবং ভোটকক্ষের সংখ্যা ৯৮৪টি।