২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তায় ভেসে এল আরেকটি লাশ, পুলিশের ধারণা এটিও ভারতীয়

পুলিশ পরিদর্শক বলেন, “হাতে বাঁধা সুতা দেখে ধারণা করা হচ্ছে, সিকিমে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মরদেহটি ভেসে এসেছে।”

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 11:57 PM

Updated : 05 Oct 2023, 11:57 PM

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর পানিতে ভেসে আসা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, সেটি ভারতীয় নাগরিকের।

বৃহস্পতিবার বিকালে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের চর ছালাপাক এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমতাজুল হক জানান।

প্রাথমিকভাবে লাশের নাম-পরিচয় জানা যায়নি। তবে যুবকের বয়স ৩৫ এর মত হবে।

এর আগে সকালে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদী থেকে আরেকটি অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ। সেটি এক ভারতীয় যুবকের। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক হয়। পরে বিকালে বিজিবি ভারতীয় কর্তৃপক্ষের কাছে লাশটি হস্তান্তর করে।

গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক বলেন, “বিকাল থেকে তিস্তায় পানি কমতে শুরু করায় স্থানীয় কিছু ছেলে দলবেঁধে নদীতে ঘুরতে যায়। তারা তিস্তার চরে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

“হাতে বাঁধা সুতা দেখে ধারণা করা হচ্ছে, সিকিমে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মরদেহটি ভেসে এসেছে। পানি কমতে শুরু করায় মরদেহটি চরে আটকা পড়ে যায়।”

স্থানীয় বাসিন্দা আমিনুর ইসলাম বলেন, “আমরা গিয়ে দেখি লাশটি বস্ত্রহীন অবস্থায় পড়ে আছে। আমাদের ধারণা, লাশটি ভারত থেকে আসা পানির তোড়ে ভেসে এসেছে।”