মেহেরপুরে বোমা বিস্ফোরণে আহত ১
পুলিশ জানায়, কিভাবে বোমাটির বিস্ফোরণ ঘটলো তা তদন্ত করে জানা যাবে।
মেহেরপুর সদর উপজেলায় বোমা বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন।
উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিশ্বাসপাড়া মাঠে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান।
আহত সোহান ওই উপজেলার শোলমারী গ্রামের হামিদুল ইসলামের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী আবু ইউসুফ জুয়েল ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা জানান, বিশ্বাসপাড়া মাঠে সোহানসহ কয়েকজন কৃষক কাজ করছিলেন। কাজ শেষে মাঠ অতিক্রম করার সময় বোমাটির বিস্ফোরণ ঘটলে সোহান গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ইমরান খন্দকার বলেন, “সোহানের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।”
মেহেরপুর সদর থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, “কিভাবে বোমাটির বিস্ফোরণ ঘটলো তা তদন্ত করে জানা যাবে।”
