শ্রমিককে মারধর: বৃহস্পতিবার থেকে সিরাজগঞ্জ-ঢাকা পথে বাস বন্ধের ডাক
একই সঙ্গে টাঙ্গাইলের বাস সিরাজগঞ্জের উপর দিয়ে উত্তরাঞ্চলে চলাচল করতে দেওয়া হবে না বলেও ঘোষণা করেছেন নেতারা।
টাঙ্গাইলে দুই শ্রমিককে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে সিরাজগঞ্জ-ঢাকা পথে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন জেলা পরিবহন মালিক-শ্রমিক নেতারা।
একই সঙ্গে টাঙ্গাইল জেলা পরিবহন মালিক সমিতির বাস সিরাজগঞ্জের উপর দিয়ে উত্তরাঞ্চলে চলাচল করতে দেওয়া হবে না বলেও ঘোষণা করেছেন নেতারা।
বুধবার বিকালে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার বলেন, “টাঙ্গাইল মালিক সমিতির এক নেতার মালিকানাধীন ‘নিবির পরিবহন’ নামে একটি বাস দীর্ঘদিন ধরে রাজশাহীতে চলাচল করে। সিরাজগঞ্জ মালিক সমিতির সঙ্গে কোনো আলোচনা না করে গত কয়েক মাস ধরে আরও একটি গাড়ি অবৈধভাবে এই পথে চালানো শুরু করে। এ কারণে আমরা ওই গাড়িটি ফিরিয়ে দেই।
“মঙ্গলবার নির্জনা পরিবহন নামে সিরাজগঞ্জের একটি বাস বিয়ের রিজার্ভ ভাড়া নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে এলেঙ্গা ও টাঙ্গাইল বাইপাসের দুইটি স্থানে থামিয়ে বাসটির চালক ও তার সহকারীকে বেধড়ক মারধর করা হয়।
সুলতান তালুকদার বলেন, “বিষয়টি মীমাংসার জন্য আমরা টাঙ্গাইল মালিক ও শ্রমিক সমিতির সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোনো সাড়া পাইনি।”
“তাই সিরাজগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের যৌথ সভায় বাস না চলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সংবাদ সন্মেলনে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মণি, সহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সাধারণ সম্পাদক সেলিম রেজা, আব্দুর রাজ্জাক রাজা, সাংগঠনিক সম্পাদক মাজেদ খান উপস্থিত ছিলেন।
