০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে নরসুন্দর খুন: হামলাকারীর ফাঁসি দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

প্রাণ বাঁচাতে রবীন্দ্র প্রথমে একটি দোকানে এবং পরে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 07:11 PM

Updated : 01 Nov 2026, 07:11 PM

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সেলুনে ঢুকে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তির ফাঁসির দাবি নোয়াখালীতে মানববন্ধন করেছেন সেলুন মালিক-শ্রমিকরা।

রোববার সকালে নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে সেলুন শ্রমিক ফাউন্ডেশন, সেলুন শ্রমিক কল্যাণ সংস্থা, বাংলাদেশ সেলুন শ্রমিক ফাউন্ডেশন, সেলুন শ্রমিক কল্যাণ সংস্থাসহ বিভিন্ন সংগঠনের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সেলুন শ্রমিক ফাউন্ডেশনের নোয়াখালী জেলা আহ্বায়ক জগদীশচন্দ্র শীল, সদস্যসচিব সঞ্জু দাস, অর্থ বিষয়ক সম্পাদক বিজয় কৃষ্ণ শীল, নোয়াখালী সেলুন শ্রমিক কল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক সুমন দাস, বেগমগঞ্জ উপজেলা সেলুন মালিক সমিতির সভাপতি জীবনচন্দ্র শীল, সেনবাগ উপজেলা সেলুন মালিক সমিতির সাধারণ সম্পাদক রতন কৃষ্ণ শীল এবং সোনাপুর সেলুন মালিক সমিতির সাধারণ সম্পাদক বিধানচন্দ্র শীল বক্তব্য দেন।

বক্তারা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মোড়ে মুক্তিযোদ্ধা মার্কেটে ‘অপূর্ব হেয়ার কাটিংয়ে’ কাজ করছিলেন মালিক রবীন্দ্র ঋষি (৪৩)। সেই সময় সেলুনে ঢুকে রবীন্দ্রকে ছুরিকাঘাত করা হয়।

এ সময় প্রাণ বাঁচাতে রবীন্দ্র পাশের একটি দোকানে আশ্রয় নিলে সেখানে তাকে আবার ছুরিকাঘাত করা হয়। পরে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানে তাকে ফের ছুরিকাঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রবীন্দ্রর মা সুলক রানী ঋষি বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এতে সাদ্দাম হোসেনকে (২৮) আসামি করা হয়। রাতেই সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ।

বক্তারা বলেন, রবীন্দ্রকে হত্যার ঘটনার পর থেকে সারা দেশে সেলুন মালিক ও শ্রমিকদের মধ্য আতঙ্ক বিরাজ করছে। মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীর সর্বোচ্চ শান্তি ফাঁসির দাবি জানান বক্তারা।