ফরিদপুরে ইউপি সদস্যকে পেটানোর অভিযোগ চেয়ারম্যানের পরিবারের বিরুদ্ধে
এ ব্যাপারে ইউপি সদস্যের বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বৈঠকে রেশন কার্ডের চাল বিতরণ নিয়ে মতভেদের জেরে ফরিদপুরের ইউনিয়ন পরিষদের এক সদস্যকে পেটানোর অভিযোগ উঠেছে চেয়ারম্যানের পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
রোববার সন্ধ্যায় উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ বালা মিয়ার বাবা মজিবর রহমান লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান বোয়ালমারী থানার এসআই আক্কাস আলী শেখ।
আহত অবস্থায় ইউপি সদস্য বালা মিয়াকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, রোববার সন্ধ্যায় রিলিফের ভিডব্লিউবি কার্ড ও রেশনের চাল বিতরণ নিয়ে পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদ ভবনে ইউপি সদস্যদের সঙ্গে চেয়ারম্যান মান্নান মাতুব্বরের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যানের ভাই সিদ্দিক মাতুব্বর, ভাতিজা শাহিন মাতুব্বর ও শিমুল মাতুব্বর এবং চেয়ারম্যানের ছেলে মাসুদ মাতুব্বর উপস্থিত ছিলেন।
সভার এক পর্যায়ে চেয়ারম্যানের পরিবারের সদস্যরা ভিডব্লিউবি কার্ডপ্রতি দুই হাজার টাকা নেওয়ার এবং রেশন কার্ডধারীদের ৩০ কেজির পরিবর্তে ২৭ কেজি চাল দেওয়ার প্রস্তাব করেন বলে অভিযোগে বলা হয়।
ইউপি সদস্য বালা মিয়া দাবি করেন, এ প্রস্তাবের বিরোধিতা করায় চেয়ারম্যানের পরিবারের লোকজনের সঙ্গে তার বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে চেয়ারম্যানের ভাই, ভাতিজা ও ছেলে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
এ ব্যাপারে জানতে চাইলে পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মান্নান মাতুব্বর বলেন, “এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি উপকারভোগীদের কখনও চাল ওজনে কম দেই না কিংবা কার্ড দিয়ে অর্থ দাবি করি না। মেম্বাররা ও সচিবই এগুলো বণ্টন করেন।“
ইউপি সদস্য বালা মিয়াকে মারপিটের বিষয়টি জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান।
ইউপি চেয়ারম্যানের ভাই সিদ্দিক মাতুব্বর বলেন, “১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মিটিংয়ে লোক পাঠানোর ব্যাপারে ইউপি সদস্য বালা মিয়া ইউনিয়ন পরিষদের ভবনের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে আজেবাজে কথা বলায় তাকে কিছু লোক আক্রমণ করেন। আমি তাকে আরও মারপিট থেকে বাঁচানোর চেষ্টা করেছি।”
বোয়ালমারী থানার এসআই আক্কাস আলী শেখ বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
